তালেবান হামলায় শোকার্ত পাকিস্তান : বিশ্লেষণ
তালেবানের বার্তা: যেকোনো লক্ষ্যে হামলায় সক্ষম
২০১৪ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একটি স্কুলে জঙ্গি হামলায় দেড় শতাধিক প্রাণ ঝরে যায়। এরপর জঙ্গিদের দমনে নানা নতুন ও কঠোর পদক্ষেপ আসে পাকিস্তান সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই ঘটনার এক বছর যেতে না যেতেই আবার জঙ্গি হানা; এবার স্কুল নয়, রক্তে রঞ্জিত হলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ঘটনাস্থল সেই একই প্রদেশ।
শোকাহত ও ক্ষুব্ধ মা-বাবারা তাঁদের সন্তানদের নিরাপত্তা না দিতে পারায় সরকারকেই দুষছেন। আর বিশ্লেষকেরা বলছেন, সর্বশেষ এ ঘটনার মধ্য দিয়ে তালেবান জঙ্গিরা সবাইকে একটি বার্তাই দিয়েছে—উগ্রপন্থার বিরুদ্ধে দেশজুড়ে পাকিস্তান সরকারের সাম্প্রতিক দমন-নিপীড়ন ব্যর্থ হয়েছে; জঙ্গিরা যেখানে ইচ্ছা, সেখানে আঘাত হানতে সক্ষম।
২০১৪ সালের হামলার শিকার পেশোয়ার শহরের আর্মি পাবলিক স্কুল। এযাবৎকালের মধ্যে সেটাই পাকিস্তানে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলার ঘটনা। আর গত বুধবার তালেবান জঙ্গিরা বেছে নিল পেশোয়ারেরই কাছের শহর চারসাদার বাচা খান বিশ্ববিদ্যালয়। দুটি ঘটনার মধ্যে মিল অনেক। এ কারণেই আগের ঘটনার পর পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে শুরু হওয়া জঙ্গিবিরোধী তৎপরতার ‘ব্যর্থতা’ এতটা সামনে আসছে।
পেশোয়ারের স্কুলের ঘটনায় গুলিতে আহত শিক্ষার্থী কাশান জহিরের বাবা জহির উদ্দিন বলেন, ‘এটা আবার ঘটল! শিক্ষার্থী ও শিক্ষকেরা আবার শহীদ হলো। সরকার ব্যর্থ হয়েছে।’
পেশোয়ার হামলার পর পাকিস্তানের সেনাবাহিনী দেশের যেসব এলাকায় জঙ্গিরা অনেকটা বাধাহীনভাবে কার্যক্রম চালাত, সেসব এলাকায় অভিযান জোরদার করে। আর সরকার সন্ত্রাসবাদ রুখতে ঢাকঢোল পিটিয়ে ঘোষণা করে ‘জাতীয় কর্মপরিকল্পনা’। এর আওতায় সন্ত্রাসীদের বিচারে সামরিক আদালত গঠনের পাশাপাশি আবার দণ্ডিত জঙ্গিদের ফাঁসি কার্যকর করা শুরু করে, যা ছয় বছর ধরে বন্ধ ছিল। সন্ত্রাসী হামলায় প্রাণহানির সংখ্যা বিবেচনায় ২০১৫ সালটা ২০০৭ সালে জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি গঠনের পর পাকিস্তানের জন্য সবচেয়ে ভালো বছর ছিল। এর কৃতিত্ব দেওয়া হয় সেনাবাহিনী ও সরকারের ওই উদ্যোগগুলোকেই।
কিন্তু বাচা খান বিশ্ববিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনা এই বার্তাই দেয় যে এত কিছুর পরও জঙ্গিরা যেকোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। পেশোয়ারভিত্তিক জ্যেষ্ঠ গবেষক ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সাদ খান তেমনটাই মনে করেন। তিনি আরও বলেন, ‘সরকারবিরোধী আবেগ জাগানোর চেষ্টা করাই এসব তরুণকে হত্যার লক্ষ্য। এটা সেই সরকার, যারা দাবি করে থাকে, তারা সন্ত্রাসীদের মেরুদণ্ড ভেঙে দিয়েছে।’
প্রতিরক্ষা ও নিরাপত্তা বিশ্লেষক তালাত মাসুদ বলছেন, সরকার ও সেনাবাহিনী প্রথম দিকে কিছুটা সফল হলেও তার ধারাবাহিকতা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ‘তালেবান মূলত অরক্ষিত লক্ষ্যবস্তু খুঁজে ফিরছে। কারণ, স্বাভাবিকভাবেই এসব লক্ষ্যবস্তুর পুরো নিরাপত্তা দেওয়া অসম্ভব।...পাকিস্তানকে এ জন্য আরও অনেক কিছুই করতে হবে।’