তাশফিনকে নিয়ে বৈঠকের খবর ভিত্তিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের লাল মসজিদের সঙ্গে যুক্তরাষ্ট্রে ১৪ জনকে গুলি করে হত্যায় জড়িত তাশফিন মালিকের কথিত যোগাযোগ নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মার্কিন দূতের বৈঠকের খবরকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দপ্তরের এক বিবৃতিতে গতকাল শনিবার এ কথা বলা হয়। খবর ডনের।
পাকিস্তানের স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তাশফিন মালিকের সঙ্গে লাল মসজিদ এবং ওই মসজিদের ইমামের যোগাযোগ নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ দূত এবং নওয়াজ শরিফের মধ্যে লন্ডনে বৈঠক হয়েছে। সেসব প্রতিবেদনে বলা হয়, লাল মসজিদের সঙ্গে তাশফিনের যোগাযোগ থাকা নিয়ে মার্কিন কর্মকর্তারা নওয়াজকে তথ্য দেন। কিন্তু পাকিস্তানি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ খবরকে ‘ভিত্তিহীন’ ও ‘অসত্য’ বলে অভিহিত করা হয়।
চরমপন্থীদের সঙ্গে যোগসূত্রের অভিযোগের কারণে ইসলামাবাদের লাল মসজিদ নিয়ে বিতর্ক রয়েছে।
এদিকে রয়টার্স বলেছে, পাকিস্তানি গোয়েন্দা কর্মকর্তারা দেশটিতে তাশফিন মালিকের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর চাচা জাভেদ রব্বানি রয়টার্সকে বলেন, হামলার ঘটনায় তাশফিনের জড়িত থাকার খবর তাঁদের মনে ‘বিরাট আঘাত’ দিয়েছে। জাভেদ বলেন, তাঁর ভাই (তাশফিনের বাবা) ২০ বছর আগে সপরিবারে সৌদি আরবে চলে যান। তাঁর ভাই খুব বেশি রক্ষণশীল।