তিন হেভিওয়েট প্রার্থী যেখান থেকে লড়ছেন

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক সরকার নির্বাচন আজ বুধবার। এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা সাড়ে ১২ হাজারের বেশি। নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) সভাপতি শাহবাজ শরিফ, পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রধান ও সাবেক ক্রিকেটার ইমরান খান।
সাম্প্রতিক সময়ে ইমরান খান দেশটির প্রধান বিরোধী নেতার ভূমিকায় রয়েছেন। ১৯৯৬ সালে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ নামের এই রাজনৈতিক দলটি গঠন করেন। পরে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে প্রাদেশিক সরকার গঠন করেন। তবে গত নির্বাচনে সরকারের বিরোধী দল হওয়ার জন্য তাঁকে বেশ বেগ পেতে হয়েছে।
দেশটির ছয়টি আসন থেকে নির্বাচন করছেন ইমরান খান। দেশটির রাজধানী ইসলামাবাদের ২ নম্বর আসন, সিন্ধু প্রদেশের পূর্ব করাচি-২, পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর-৯, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু ও পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি-১ আসন থেকে লড়ছেন তিনি। ইসলামাবাদ-২ আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী দেশটির সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি।
পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছোট ভাই শাহবাজ শরিফ। নওয়াজ ক্ষমতাচ্যুত হওয়ার পর এবং দেশটির আদালত তাঁকে রাজনীতিতে নিষিদ্ধ করলে শাহবাজ দলের সভাপতির দায়িত্ব পান। শাহবাজ শরিফও লড়ছেন ছয়টি আসন থেকে। খাইবার পাখতুনখোয়া, লাহোর, পশ্চিম করাচি, পাঞ্জাব থেকে লড়ছেন তিনি। এর মধ্যে তিনটি আসন লাহোরের। বর্তমানে পাকিস্তান মুসলিম লিগের সভাপতি তিনি। এর আগে ১০ বছরের বেশি সময় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।
এই তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে অপেক্ষাকৃত তরুণ বিলাওয়াল। দেশটির রাজনীতিতেও তরুণ তিনি। নির্বাচনে চারটি আসনে প্রার্থী হয়েছেন বিলাওয়াল। এ মধ্যে দুটি সিন্ধু প্রদেশে ও দুটি খাইবার পাখতুনখোয়া প্রদেশে। বলা হয়ে থাকে, সিন্ধু প্রদেশে বিলওয়ালের দলের অবস্থান সবচেয়ে শক্ত।