পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ দক্ষিণ এশিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে আরও উসকে না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবিসি উর্দুকে গত শনিবার দেওয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি। খবর ডন পত্রিকার।
আফগানিস্তানের কুন্দুজে ৩ অক্টোবর একটি দাতব্য হাসপাতালে মার্কিন বিমান হামলার বিষয়ে তদন্তকারীদের উদ্ধৃত করে মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে, সেখানে তালেবানদের একত্র করতে একজন পাকিস্তানি ছিলেন। সারতাজ আজিজ সেই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘বিশ্ব জানে আফগানিস্তানের শান্তি ও উন্নয়নে পাকিস্তান প্রতিজ্ঞাবদ্ধ।’
সারতাজ আজিজ বলেন, ‘যুক্তরাষ্ট্র যেমন ইচ্ছা তেমন সম্পর্ক রাখতে পারে ভারতের সঙ্গে। তবে পাকিস্তান ও ভারতের মধ্যে যখন উত্তেজনা চলে, তখন বড় শক্তি হিসেবে তারা যেন কোনো ভারসাম্যহীনতা না তৈরি করে। এর ফলে এই অঞ্চলের স্থিতিশীলতা বিনষ্ট হতে পারে।’
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পাকিস্তানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। এমন প্রেক্ষাপটে নওয়াজের উপদেষ্টার এ মন্তব্য এল।