প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ সুদানের রাজধানী জুবায় গতকাল রোববার সাবেক বিদ্রোহী এবং সরকারি সেনাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। এই দুই গোষ্ঠীর মধ্যে গত শুক্রবার থেকে শুরু হওয়া লড়াইয়ে ইতিমধ্যে অন্তত দেড় শ মানুষ নিহত হয়েছে। দক্ষিণ সুদানে জাতিসংঘের মিশন (ইউএনএমআইএসএস) থেকে দেওয়া এক টুইটার বার্তায় বলা হয়, জাতিসংঘের কার্যালয়ের কাছে ব্যাপক সংঘর্ষ আবার শুরু হয়েছে। গতকাল সকাল থেকে রাজধানীর পাশাপাশি দেশের অন্য শহরগুলোতেও লড়াই চলার খবর পাওয়া যায়। লড়াইয়ের ফলে আঞ্চলিক বিমান পরিবহন সংস্থা কেনিয়া এয়ারওয়েজ জুবাগামী সব ফ্লাইট বন্ধ ঘোষণা করে। দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির এবং ভাইস প্রেসিডেন্ট ও বিদ্রোহী নেতা রিক মাচারের বাহিনীর মধ্যে গতকাল সংঘর্ষ শুরু হয় রাজধানীর দক্ষিণ প্রান্ত থেকে।
এএফপি