দীর্ঘ সাত বছর পর গতকাল সোমবার পাকিস্তানে অনুষ্ঠিত হলো প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ। পাকিস্তানি তালেবান ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০০৮ সালের পর থেকে দিবসটিতে আর কোনো কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়নি।
এদিকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নয়াদিল্লির পাকিস্তান দূতাবাস গতকাল এক নৈশভোজে কাশ্মীরের কয়েকজন বিচ্ছিন্নতাকামী নেতাকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করেছে ভারত। খবর রয়টার্স ও এনডিটিভির।
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে বেশ ঘটা করেই প্রজাতন্ত্র দিবস উদ্যাপন করেছে পাকিস্তান। দিনের শুরুতে ইসলামাবাদে আয়োজন করা হয় জমকালো সামরিক কুচকাওয়াজ ও বিমান মহড়া। কুচকাওয়াজ শেষ হয় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে। জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে অনুষ্ঠান চলার সময় মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ রাখা হয়েছিল।
পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে ভয়াবহ হামলায় ১৩২ শিক্ষার্থীর মৃত্যুর কয়েক মাস পর এ কুচকাওয়াজকে তালেবানের বিরুদ্ধে শক্তিমত্তার এক প্রতীকী প্রদর্শন হিসেবেই দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে এক বিবৃতিতে নওয়াজ ‘পাকিস্তানবিরোধী শক্তির’ হুমকির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
ভারতের ক্ষোভ: নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত গতকাল সকালে বলেন, তিনি মনে করেন না যে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পাকিস্তান দূতাবাসের নৈশভোজে কাশ্মীরি ‘স্বাধীনতাকামী’ নেতাদের তাঁর দাওয়াত করা নিয়ে ভারত আপত্তি তুলবে।
নৈশভোজে কাশ্মীরের ‘স্বাধীনতাকামী’ সংগঠনগুলোর জোট হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মিরওয়াইজ উয়ার ফারুকসহ সাত কাশ্মীরি নেতার উপস্থিত থাকার কথা ছিল।
হাইকমিশনার বাসিতের ওই বক্তব্যের পর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘তথাকথিত স্বাধীনতাকামী জোট হুরিয়াতের ভূমিকা নিয়ে ভারতের অবস্থানকে ভুল বোঝা বা ভুল ব্যাখ্যার কোনো সুযোগ নেই। ভারত-পাকিস্তান ইস্যুতে কেবল দুটি পক্ষ আছে, তৃতীয় কোনো পক্ষের জায়গা নেই।’
পাকিস্তানের দাবি, তাদের প্রজাতন্ত্র দিবস উদ্যাপনে নিয়মিতভাবেই কাশ্মীরের ‘স্বাধীনতাকামী’ নেতাদের আমন্ত্রণ জানানো হয়। তবে গত বছর হাইকমিশনার আবদুল বাসিত হুরিয়াত নেতাদের সঙ্গে আলোচনা করার প্রতিবাদেই ভারত দ্বিপক্ষীয় সংলাপ প্রক্রিয়া বন্ধ করে দিয়েছিল।