দুই ট্রেনে সংঘর্ষে নিহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের বন্দরনগরী করাচিতে দুই ট্রেনের সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এ দুর্ঘটনায় প্রায় ৬০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, মুলতান থেকে আসা ‘জাকরিয়া এক্সপ্রেস’ দ্রুতগতিতে কুয়াইদাবাদ রেলওয়ে স্টেশনে ঢুকে দাঁড়িয়ে থাকা ‘ফরিদ এক্সপ্রেস’কে ধাক্কা দেয়। সংঘর্ষে প্রচণ্ড শব্দ হয়। দুই ট্রেনের ভেঙেচুরে যাওয়া বগিতে আটকে পড়া আহত যাত্রীরা আর্তচিৎকার করতে থাকেন। কর্মকর্তারা জানিয়েছেন, ধাতব বস্তু কাটার যন্ত্রপাতি ও ভারী ক্রেন নিয়ে উদ্ধারকাজ চালানো হয়। আটকে থাকা সব যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে থাকা করাচির একজন প্রশাসনিক কর্মকর্তা ইজাজ আহমেদ খান বলেছেন, ধ্বংসস্তূপে কেউ আটকে নেই।
এএফপি