পাকিস্তানে চলমান রাজনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আলোচনায় অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে উভয় পক্ষ। তবে বেশ কিছু ইস্যুতে এখনো মতভেদ রয়েছে। গতকাল সোমবার দেশটির গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়। খবর পিটিআই ও জিয়ো নিউজের।
গতকাল বিকেলে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী দলগুলোর নেতাদের বৈঠক ডাকেন। পিটিআইয়ের পার্লামেন্ট সদস্যদের পদত্যাগ প্রসঙ্গে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে রাজধানী ইসলামাবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন ইমরান খানের দল পিটিআই ও তাহির উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মীরা।
পাকিস্তানের গণমাধ্যমে জানায়, গত রোববার সরকার ও পিটিআইয়ের প্রতিনিধিদল তিন ঘণ্টা বৈঠক করে। পিটিআইয়ের মহাসচিব জাহাঙ্গির তারিনের বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকের পর দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি সাংবাদিকদের জানান, অর্থপূর্ণ সংলাপ শুরু হয়েছে। বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে উভয় পক্ষ দারুণ প্রচেষ্টা চালাচ্ছে। সরকারের পক্ষ থেেকও একই ধরনের কথা বলা হয়।
গতকালও দুই পক্ষের মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল।