দুই পারে ইতিহাসের দুই রকম পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাবের একটি উচ্চমাধ্যমিক স্কুলের ছাত্র নোমান আফজাল (১৭)। সে জানে, ৭০ বছর আগে অবিভক্ত ব্রিটিশ ভারত ভাগ হয়ে দুই স্বাধীন রাষ্ট্রের উদ্ভবের সময় সংঘটিত রক্তপাতের জন্য দায়ী হিন্দুরা। তার ইতিহাসের বই তাকে এটাই শিখিয়েছে। আফজাল তার ইতিহাসের বই থেকে খানিকটা পড়ে শোনাল এভাবেই, ‘তারা আমাদের ঘৃণা করেছে, তাই আমরা পাকিস্তান সৃষ্টি করেছি।’

আবার সীমান্তের অপর পারে ভারতজুড়ে একই ইতিহাস নিয়ে শেখানো হচ্ছে উল্টো বিষয়। মুম্বাইয়ের স্কুলছাত্র ত্রিঅক্ষ মিত্র তার ইতিহাসের বই থেকে শিখেছে, ব্রিটিশ উপনিবেশিক শাসকদের কবল থেকে স্বাধীন ও ঐক্যবদ্ধ ভারতের জন্য ‘মহাত্মা গান্ধী কীভাবে লড়াই করেছেন ও পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লিগ কীভাবে নিজেদের স্বার্থে ব্রিটিশ শাসকদের সঙ্গে হাত মিলিয়েছে’ সেসব বিষয়।

বিশেষজ্ঞরা বলছেন, একই ইতিহাস নিয়ে এই ভিন্ন পাঠের কারণ, পরমাণু শক্তিধর দুই দেশ দশকের পর দশক ধরে নিজ নিজ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি থেকে এর আখ্যান তৈরি করেছে। তাঁদের মতে, বিভক্তির তিক্ত ইতিহাস থেকে সরে আসতে সরকারিভাবে দুই দেশেরই অনীহা ও নয়াদিল্লি থেকে করাচি পর্যন্ত শ্রেণিকক্ষগুলোতে যেভাবে ইতিহাসকে তির্যকভাবে চিত্রায়ণ করা হচ্ছে তাতে চিরবৈরী দেশ দুটির মধ্যে বিরোধ মেটার কোনো আশা নেই।

৭০ বছর আগে ১৪ আগস্ট আজকের এ দিনটিতে উপমহাদেশ ভাগ হয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি। পরের দিন জন্ম হয় স্বাধীন ভারতের। এই বিভক্তিকালে ছড়িয়ে পড়ে সংঘাত। ভারতের মুসলিমরা পাকিস্তানে এবং পাকিস্তানের হিন্দুরা ভারতে আসার সময় শিকার হন খুন, ধর্ষণ, গণহত্যার। এতে অজ্ঞাতসংখ্যক মানুষ, কারও কারও অনুমান ১০ লাখের মতো লোক প্রাণ হারান।

বিভক্তি ও সহিংসতার এ ইতিহাস শত্রুতার এমন এক বীজ রোপণ করে গেছে, যা দীর্ঘ সাত দশক পরও প্রজন্ম পরম্পরায় দুই দেশের মধ্যে বিরাজমান। এ শত্রুতা এমনই যে পাকিস্তান ও ভারতের স্কুলগুলোর পাঠ্যক্রমও এ থেকে বাদ যায়নি। উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সরকারি অনুমোদন পাওয়া গ্রেড ফাইভের ইতিহাসের বইয়ে হিন্দুদের ‘খুনি যারা মুসলিম নিধন চালিয়েছে, সম্পদ আত্মসাৎ করেছে ও ভারত থেকে জোর করে বের করে দিয়েছে’ বলে আখ্যায়িত করা হয়েছে।

তবে আশার কথা শোনান ভারতের লেখক ও ইতিহাসবিদ উর্বসী বাতালিয়া। তিনি বলেন, সংকীর্ণ জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গির বাইরে থেকেও এখন অনেকে বিভক্তির ইতিহাস বোঝার চেষ্টা করছেন। ২০ বছর আগেও এটা সম্ভব ছিল না।