দুর্নীতির প্রতিবেদন উড়িয়ে দিল নওয়াজ পরিবার
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে আয়ের তুলনায় বিলাসী জীবনযাপনের অভিযোগ ওঠার পর গতকাল মঙ্গলবার নতুন করে তাঁর পদত্যাগের দাবি উঠেছে। এদিকে জয়েন্ট ইনভেস্টিগেশন টিম (জেআইটি) গত সোমবার আদালতে দেওয়া প্রতিবেদনে নওয়াজ শরিফের আয় ও জীবনযাত্রার মধ্যে ‘উল্লেখযোগ্য তারতম্য’ থাকার যে অভিযোগ তুলেছে, তাকে ‘বাজে কথা’ আখ্যা দিয়েছে দেশটির ক্ষমতাসীন দল পিএমএল-এন।
নওয়াজের মেয়ে ও সম্ভাব্য রাজনৈতিক উত্তরাধিকারী মরিয়মের নামও এসেছে বেসামরিক ও সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত জেআইটির তদন্ত প্রতিবেদনে। এর প্রতিক্রিয়ায় টুইটারে দৃঢ়তার সঙ্গে মরিয়ম লিখেছেন, আদালতে এই অভিযোগ টিকবে না।
এর আগে সোমবার জেআইটি সুপ্রিম কোর্টে প্রধানমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগের তদন্ত নিয়ে একটি প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনটি নিয়ে সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপ কী হবে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
গত বছর পানামাভিত্তিক আইনি সেবাপ্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি প্রকাশের পর বিশ্বের বহু ক্ষমতাধর, ধনী ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ সামনে আসে। এতে বিদেশে বিপুল পরিমাণ কথিত অবৈধ অর্থ লেনদেনের সঙ্গে নওয়াজ শরিফের চার ছেলেমেয়ের মধ্যে তিনজনের নাম আসে। তাঁরা হলেন মরিয়ম এবং তাঁর দুই ভাই হাসান ও হুসেইন।
গত এপ্রিলে সুপ্রিম কোর্ট বলেন, নওয়াজ শরিফকে ক্ষমতা থেকে সরাতে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই। এ সময় আদালত প্রধানমন্ত্রীকে অপসারণের দাবির পক্ষে তথ্য সংগ্রহ করতে জেআইটি গঠনের আদেশ দেন।