দুর্নীতির মামলায় খালাস পেলেন জারদারি
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পুরোনো এক দুর্নীতির মামলায় গতকাল রোববার খালাস পেয়েছেন। জারদারির বিরুদ্ধে ছয়টি দুর্নীতির মামলার এটি ছিল সবশেষ মামলা। এর থেকে খালাস পাওয়ায় এখন তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা রইল না।
অবৈধ সম্পদ রাখার অভিযোগ থেকে আসিফ আলী জারদারিকে বেকসুর খালাসের আবেদন জানান তাঁর আইনজীবী ফারুক এইচ নায়েক। এই আবেদন আমলে নিয়ে গতকাল জারদারিকে খালাস দেন ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (ন্যাব) বিচারক খালিদ মাহমুদ রানঝা। বিচারক বলেন, জারদারির বিরুদ্ধে দাখিল করা বেশির ভাগ নথিই ছিল ফটোকপি এবং সেগুলো গ্রহণযোগ্য নয়। এ ছাড়া এই মামলার বেশির ভাগ সাক্ষী এ-ও বলেন, ঘটনাটি পুরোনো হওয়ার কারণে তাঁদের ভালোভাবে মনে নেই। উল্লেখ্য, ২০০৯ সালে আসিফ আলী জারদারির বিরুদ্ধে এই দুর্নীতির মামলাটি হয়। ২০০৭ সালে আরও পাঁচটি মামলার সঙ্গে এই মামলায় আসিফ আলী জারদারি খালাস পান। যদিও সুপ্রিম কোর্ট এই দুর্নীতির মামলায় পুনরায় তদন্তের নির্দেশ দেন। কিন্তু প্রেসিডেন্ট হিসেবে অব্যাহতি পাওয়ায় জারদারির বিরুদ্ধে মামলা শুরু করা যায়নি। অবশেষে ২০১৫ সালে মামলাটি আবার শুরু হয়।