দূর হও বিলাওয়াল, পাথর ছোড়ার পর বিক্ষোভকারী

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির গাড়িবহরে হামলা চালিয়েছে বিক্ষোভকারীরা। তারা স্লোগান দিয়ে হামলার চালানোর সময় বিলাওয়ালকে লক্ষ্য করে ওই বিক্ষোভকারীরা বলেন, দূর হও বিলাওয়াল।
এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, করাচির লিয়ারি থেকে ২৫ জুলাই অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিলাওয়াল। এই এলাকাটি পিপিপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গত রোববার সেখানে নির্বাচনী প্রচার চালাতে যান বিলাওয়াল। এ সময় হামলার ঘটনা ঘটে। এতে দলটির কয়েকজন কর্মী ও পথচারী আহত হন। তবে বিলাওয়ালের কোনো ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
সিন্ধু পুলিশ বিলাওয়ালের গাড়িবহরে হামলার ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে তদন্ত করছে।

বিক্ষোভকারীরা লিয়ারির বিহার কলোনির কাছে গাড়িবহরটি জোর করে থামায় এবং লাঠি ও পাথর নিয়ে চড়াও হয়। কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয়। পুলিশ সদস্য ও পিপিপির কর্মীরা আধা ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের বোঝাতে ব্যর্থ হওয়ার পর এ হামলার ঘটনা ঘটে। এ সময় তারা উচ্চ স্বরে স্লোগান দেয়, ‘দূর হও বিলাওয়াল দূর হও।’ পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। পরে চাকিওয়ারা, চিলচোক ও ঘাঞ্চিপাড়ায় প্রচার চালান বিলাওয়াল। সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান অপেক্ষায় থাকা হাজারো পিপিপি সমর্থক।
পিপিপির মুখপাত্র সিনেটর মুস্তফা নওয়াজ খোখার বলেন, নির্বাচনী শোভাযাত্রা ভন্ডুল করতে এ রকম সহিংসতার আশ্রয় নেওয়া হয়েছে। তবে তারা ব্যর্থ হয়েছে। এ রকম সহিংসতা পিপিপি সব সময় রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।
বিলাওয়াল ভুট্টো বলেন, ‘আমি শহীদ বেনজির ভুট্টোর ছেলে। পাকিস্তানের সাহসীদের মধ্য অন্যতম একজন তিনি। সহিংসতার মাধ্যমে তাঁদের লক্ষ্য থেকে বিচ্যুতি ঘটানো যাবে না। আমার রক্তে মিশে আছে লিয়ারি। আমার দলের নির্বাচনী ইশতেহার নিয়ে দেশের প্রতিটি স্থান আমি যাব। এ রকম সহিংসতা পরাভূত করতে হবে আমাদের। তাদের ভয়ের কাছে মাথানত করা যাবে না। আমি কখন মাথা নত করব না।’