দেনমোহর নিয়ে বিরোধে ১৪ খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেনমোহর ঠিক করা নিয়ে দুই পরিবারের বিরোধে খুন করেছিল নিজের বাবা-মা ও দুই ভাইকে। তার ছয় মাস না যেতেই এবার নিজের সাবেক বাগদত্তা ও তার নয়জন আত্মীয়কে গুলি করে হত্যা করেছে। গতকাল রোববার এই ভয়াবহ ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এক যুবক। খবর এএফপির।
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার চারসাদা জেলার ওই সন্দেহভাজন খুনির নাম মির আহমেদ শাহ (২৫)। গতকাল ভোরে সে একে-৪৭ রাইফেল ব্যবহার করে ওই হত্যাযজ্ঞ ঘটায় বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের প্রধান শফিউল্লাহ খান বলেন, মির শাহ ওই বাড়িতে গিয়ে দুই শিশু, চার নারীসহ পরিবারটির ১০ সদস্যের সবাইকে গুলি করে হত্যা করে। ঘটনার সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন।
পুলিশ কর্মকর্তা শফিউল্লাহ জানান, নিজের বাবা-মা ও দুই ভাইকে গত বছর হত্যার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি মির শাহ। দেনমোহর হিসেবে বাগদত্তা মেয়েটির বাবা শাহের পরিবারের কাছে একটি বাড়ি করার মতো জমি দাবি করেছিলেন। তা দিতে অস্বীকৃতি জানায় শাহের পরিবার।
আরেক পুলিশ কর্মকর্তা গুলজার খান বলেন, নিজের পরিবারের সদস্যদের হত্যার পর বাগদত্তার পরিবারের ওপরেও রাগ ঢালার সিদ্ধান্ত নেয় মির শাহ। কারণ, তাদের পণ দাবি নিয়েই সমস্যার সূত্রপাত হয়েছিল।