দেশজুড়ে ধর্মঘট পালন পাকিস্তানি আইনজীবীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কোয়েটায় হাসপাতালে বোমা হামলার ঘটনায় গতকাল মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘট পালন করেছেন আইনজীবীরা। গত সোমবার সকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানীর ওই হাসপাতালে বোমা হামলায় গতকাল পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪।
হাসপাতালের কর্মীরা বলেন, সোমবারের বোমা হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে অন্তত ৬০ জন আইনজীবী। ঘটনার আগের দিন হত্যাকাণ্ডের শিকার বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনোয়ার কাসির স্মরণে এক শোকসভায় মিলিত হয়েছিলেন ওই আইনজীবীরা।
রাজধানী ইসলামাবাদে সুপ্রিম কোর্ট এলাকায় সমবেত আইনজীবীদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল আশতার আসাফ আলী বলেন, ‘যারা হাসপাতালকে তাদের হামলার লক্ষ্যবস্তু করে, তারা সত্যিই দুর্বল ও নির্মম। অথচ হাসপাতালে নারী, শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে আসে।’
এ বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করা গোষ্ঠীগুলোর মধ্যে ইসলামিক স্টেট (আইএস) অন্যতম।