সন্ত্রাসবাদের বিচারে সামরিক আদালত গঠনে পাকিস্তানে সংবিধানের ২১তম সংশোধন করা নিয়ে এখন কার্যত দ্বিধাবিভক্ত রাজনীতিকেরা। এ নিয়ে উগ্বিগ্ন দেশটির সাধারণ মানুষও। দেশবাসীর এ উদ্বেগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের প্রতিও আহ্বান জানালেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খবর ডনের।
পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত স্কুলে গত ১৬ ডিসেম্বর বর্বর হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে এককাট্টা হওয়ার প্রয়াস পায় পাকিস্তানের রাজনৈতিক দলগুলো।
জারদারি গত শনিবার লাহোরের বিলাওয়াল হাউসে দলীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেন, ‘পেশোয়ার ট্র্যাজেডির পর সন্ত্রাসবাদ রুখতে সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। এই সন্ধিক্ষণে সেই ঐক্য ক্ষতিগ্রস্ত হতে দেওয়া যাবে না।...২১তম সংশোধনী নিয়ে বিভিন্ন ব্যক্তির যে উদ্বেগ রয়েছে, তা প্রশমনে সরকারকে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা দেশ থেকে সন্ত্রাসবাদ মুছে ফেলতে চাই। ভালো উদ্দেশ্য নিয়েই আমরা সামরিক আদালত গঠনের পক্ষে ভোট দিয়েছিলাম। তবে ঐক্য সবার আগে। ঐক্য ছাড়া সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়া যাবে না।’