দেশে ফেরার ঘোষণা দণ্ডিত নওয়াজের

দুর্নীতির দায়ে ১০ বছরের সাজা মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শুক্রবার পাকিস্তানের আদালত তাঁর বিরুদ্ধে রায় ঘোষণার পর লন্ডনে অবস্থানরত নওয়াজ সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন।
নওয়াজ শরিফ বলেন, ‘আমি পাকিস্তানি আসছি। সত্য বলার জন্য এবং পাকিস্তানের জনগণ মুক্ত না হওয়া পর্যন্ত আমি সংগ্রাম চালিয়ে যাব।’ সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘ভোট তথা জনগণের রায়ের প্রতি আস্থা রাখায় যদি কারাদণ্ড হয়; তবে তা মোকাবিলা করতে দেশে আসছি।’ তবে দেশে ফেরার সুস্পষ্ট কোনো তারিখ উল্লেখ করেননি নওয়াজ।
লন্ডনে চিকিৎসাধীন ক্যানসারে আক্রান্ত স্ত্রীর পাশে থাকতে সেখানে অবস্থান করছেন নওয়াজ। তাঁর মেয়ে মরিয়ম নওয়াজ ও দুই ছেলে হাসান নওয়াজ এবং হুসেইন নওয়াজ তাঁর সঙ্গে আছেন। শুক্রবারের রায়ে আদালত মরিয়মকেও সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।
এ দিকে ওই রায় ঘোষণার কয়েক মিনিট পর সংবাদ সম্মেলন ডেকে প্রতিক্রিয়া জানিয়েছেন নওয়াজের ভাই ও পাকিস্তান মুসলিম লিগের (এন) চেয়ারম্যান শাহবাজ শরিফ। এই দিনটিকে ‘কালো দিন’ হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, আগামী ২৫ জুলাই জনগণ আসল রায় দেবে।
আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শাহবাজ শরিফ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পাকিস্তানের সব আনাচে-কানাচে যাব, জনগণকে এই অবিচারের কথা বলব।’
নাওয়াজের রায়ের প্রতিক্রিয়ায় পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ও সাবেক ক্রিকেটার ইমরান খান বলেন, এটাই হচ্ছে নতুন পাকিস্তানের সূচনা। আমি যখন বলছিলাম, তাঁরা (শরিফ ও জারদারি) বিদেশে সম্পত্তি কিনেছেন। তখন কেউ আমার কথায় পাত্তা দেয়নি।
পাকিস্তানি প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে নওয়াজের মতো মানুষ অনেক আগেই গ্রেপ্তার করা হতো বলেও মন্তব্য করেন ইমরান।
ডন নিউজের খবরে বলা হয়, পাকিস্তানের অ্যাকাউন্টিবিলিটি কোর্ট শুক্রবার দেওয়া রায়ে কারাদণ্ডাদেশের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করেন।
নব্বইয়ের দশকে লন্ডনে পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার। পাকিস্তানের জাতীয় জবাবদিহি সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) কৌঁসুলি আদালতকে বলেন, নওয়াজ এই ফ্ল্যাটগুলি কেনার অর্থের বৈধ আয় দেখাতে পারেননি। যদিও নওয়াজের পরিবারের দাবি, বৈধ আয়ের অর্থ দিয়ে এসব ফ্ল্যাট কিনেছেন তারা। তবে এনএবির জিজ্ঞাসাবাদে এসব ফ্ল্যাট কেনার বিষয়ে নওয়াজের পরিবারের সদস্যরা ভিন্ন রকম তথ্য দেন।
২০১৫ সালে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসে নওয়াজের। ওই সময় জানা গিয়েছিল, বেশ কয়েকটি অফশোর কোম্পানির সঙ্গে নওয়াজ শরিফের ছেলে-মেয়েদের যোগসূত্র রয়েছে। অভিযোগ আছে, এই কোম্পানিগুলোকে ব্যবহার করে বিদেশে অর্থপাচার করা হয়েছে এবং বিদেশে নানা সম্পদ কেনা হয়েছে। আলোচনায় ছিল, লন্ডনে কেনা এই বিলাসবহুল ফ্ল্যাটগুলোও। শেষতক সেই ফ্ল্যাটের কারণেই কারাদণ্ড হলো নওয়াজ ও তাঁর মেয়ের।
আদালতের রায়ে বলা হয়েছে, ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। আয়বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে তাঁকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া এনএবিকে অসহযোগিতা করা দায়ে দেওয়া হয়েছে এক বছরের কারাদণ্ড। তবে দুটি সাজা একই সঙ্গে চলবে। তাই নওয়াজকে ১০ বছর কারাগারে থাকতে হবে।
পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ থেকে গত বছর সরে যেতে হয়েছিল নওয়াজ শরিফকে। দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অযোগ্য ঘোষণা করেছিল। পরে আদালত তাঁকে রাষ্ট্রীয় যে কোনো পদে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন। এরপর আদালতের রায়ে দলীয় প্রধানের পদও ছাড়তে হয় নওয়াজকে।