দোষী সাব্যস্তের হার খুবই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে চলতি বছর সন্ত্রাসবাদবিরোধী আদালতে (এটিসি) অপরাধীদের দোষী সাব্যস্ত করার হার খুবই কম। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় দেশটিতে প্রচলিত আইনের দুর্বলতার দিকটি প্রকট হয়ে উঠেছে।
রাওয়ালপিন্ডির দুটি আদালতে এ বছর ২০৫টি মামলার শুনানি হয়। এর মধ্যে মাত্র ১০টির কম মামলায় অপরাধীদের দোষী সাব্যস্ত করা হয়। ইসলামাবাদ এটিসিতে একজন আসামিকেও দোষী সাব্যস্ত করা হয়নি।
গত মঙ্গলবার পেশোয়ারের স্কুলে তালেবান জঙ্গিদের নৃশংস হামলার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে সন্ত্রাসীদের কঠোর শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রচলিত আইন সংস্কারের জোর দাবি ওঠে।
পর্যবেক্ষকেরা বলেন, সন্ত্রাসবিরোধী আদালতে অপরাধীদের কালেভদ্রে দোষী সাব্যস্ত হওয়ার পেছনে একটি মাত্র নয়, অনেক কারণ রয়েছে। তদন্তের ত্রুটি, যথাযথ সাক্ষ্য-প্রমাণের অভাব কিংবা সন্ত্রাসী হামলার ভয়—এই তিনটি কারণেই অনেক সময় সন্দেহভাজন সন্ত্রাসবাদীরা আদালত থেকে বেকসুর খালাস পান।
পাকিস্তানে ২০০৭ সাল থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি সন্দেহভাজন জঙ্গি আদালত থেকে খালাস পেয়েছেন। চলতি বছর জঙ্গি সংগঠন লস্কর-ই-জাংভির (এলইজে) প্রধান মালিক ইসহাককে মুক্তি দেওয়া হয়। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে সন্ত্রাসবাদের তিনটি অভিযোগ থেকেই তাঁকে অব্যাহতি দেন রাওয়ালপিন্ডির এটিসি।
সন্ত্রাসী হামলায় ২০১১ সালের নভেম্বরে সেনা গোয়েন্দা কর্মকর্তা মেজর আফাক আহমেদ, হাওলাদার মাজহার আব্বাস, নায়েক ফয়েজ মুহাম্মদ, ল্যান্স নায়েক ওয়াকাস আহমেদ ও বেসামরিক নাগরিক আফসার নিহত হন। এ ঘটনায় গ্রেপ্তার সন্দেহভাজন জঙ্গিরাও খালাস পান।