ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার বিষয় তুললেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন প্রক্রিয়ায় রাষ্ট্রধর্ম ইসলামের পরিবর্তে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা যায়—এ প্রশ্ন করেছেন পাকিস্তানের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে গত সোমবার দেশের সংবিধানের অষ্টাদশ সংশোধনীর ওপর শুনানি চলার সময় এটিই মূল আলোচ্য বিষয় হয়ে ওঠে। অষ্টাদশ সংশোধনীর বিষয়বস্তু উচ্চ আদালতে বিচারক নিয়োগ। খবর ডন ও এশিয়ান এজের।
মুসলিমদের নিজস্ব আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ৬৮ বছর পর পাকিস্তানের সর্বোচ্চ আদালত দেশটিকে ধর্মনিরপেক্ষ ঘোষণা করার সম্ভাব্যতার বিষয়টি তুললেন।
উচ্চ আদালতে বিচারক নিয়োগসংক্রান্ত সংবিধানের অষ্টাদশ সংশোধনী ও সন্ত্রাসবাদের মামলার বিচারে সামরিক আদালত প্রতিষ্ঠার বিষয়ে ২১তম সংশোধনীর বিষয়ে শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের ১৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ গঠন করা হয়েছে।
সোমবারের শুনানিতে পাকিস্তানের প্রধান বিচারপতি নাসির-উল-মুলক প্রশ্ন উত্থাপন করেন, বিপ্লবের মাধ্যমে নয়, যদি জনগণ দাবি করে, তবে রাষ্ট্রধর্ম ইসলাম-সম্পর্কিত পাকিস্তানের সংবিধানের মৌল কাঠামোর পরিবর্তন করে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করতে চাইলে উপায় কী হতে পারে।
পাকিস্তানের সংবিধানের ২ অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে।
প্রধান বিচারপতি জানতে চান, বর্তমান পার্লামেন্ট এই পরিবর্তন করতে পারবে, নাকি এর জন্য সাংবিধানিক গণপরিষদ গঠনের দরকার আছে।
বেঞ্চের আরেক বিচারপতি মিঞা সাকিব নিসার শুনানিতে জানতে চা ন, ধর্মনিরপেক্ষতার প্রতি পূর্ণ সমর্থন আছে এমন কোনো রাজনৈতিক দল যদি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে, তবে তারা সংবিধান সংশোধনে সক্ষম হবে কি না।
জ্যেষ্ঠ আইনজীবী হামিদ খান বলেন, গণভোট ছাড়া সংবিধানের এ পরিবর্তন সম্ভব নয়। তিনি বলেন, পাকিস্তান সংবিধানের মৌলনীতি হিসেবে ইসলামকে গ্রহণ করেছে। এর পরিবর্তন সম্ভব নয়। পাশাপাশি তিনি এ-ও বলেন, সাংবিধানিক গণপরিষদ সংবিধান পরিবর্তন করতে পারে।
বিচারপতি আসিফ সাইদ খোসা ধর্মনিরপেক্ষতা-সংক্রান্ত বিতর্কের সূচনা করেন। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনগণের মন ও চিন্তাধারা পরিবর্তিত হয়।
গত বছরের ১৬ ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ারের একটি সেনা পরিচালিত স্কুলে তালেবানের ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৩২ শিক্ষার্থীসহ ১৪৫ জন নিহত হয়। এ ঘটনার পর পাকিস্তানে জঙ্গিবাদের বিপদের বিষয়টি নতুন করে আলোচনায় উঠে আসে। এর পরই সংবিধানের ২১তম সংশোধনী এনে সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলাগুলোর দ্রুত বিচারের জন্য সামরিক আদালত গঠন করা হয়। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে প্রথম দিকে মতৈক্য দেখা গেলেও পরে অনেকে ভিন্নমত পোষণ করেন। মানবাধিকারকর্মীরাও অসাংবিধানিক আখ্যা দিয়ে এর কঠোর সমালোচনা করেছেন।
পাকিস্তানের রাজনীতিতে বরাবরই ধর্মের উল্লেখযোগ্য প্রভাব আছে। পর্যবেক্ষকেরা মনে করেন যে রাজনৈতিক দল, সামরিক বাহিনীসহ রাষ্ট্রযন্ত্রের প্রত্যক্ষ-পরোক্ষ পৃষ্ঠপোষকতায় দেশটিতে দিনে দিনে ধর্মীয় উগ্রবাদের ব্যাপক প্রসার ঘটেছে। সাম্প্রতিক সময়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার নাজুক অবস্থা, সাম্প্রদায়িক সংঘাত ও জঙ্গিবাদসহ বিভিন্ন কারণে দেশটিকে ‘ব্যর্থ রাষ্ট্রের’ তকমাও পেতে হয়েছে।