নওয়াজ শরিফকে জারদারির সমর্থন, কোণঠাসা ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে সরকার পতনের লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে সাবেক ক্রিকেটার ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও কট্টরপন্থী নেতা তাহির উল কাদরির পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি)। তবে তাদের এই আন্দোলন কোণঠাসা হয়ে পড়তে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
সাবেক প্রেসিডেন্ট ও পার্লামেন্টের প্রধান বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা আসিফ আলী জারদারি গতকাল শনিবার সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। আর রাজধানী ইসলামাবাদে পিটিআই ও পিএটির চলমান অবস্থান কর্মসূচিকে অবৈধ ঘোষণা করে গতকাল প্রস্তাব পাস করেছে বেলুচিস্তানের প্রাদেশিক পরিষদ। খবর দ্য ডন ও জিয়ো নিউজের।
শুক্রবার পিটিআইয়ের কোর কমিটির এক নেতা ডন নিউজকে বলেছিলেন, সরকারের সঙ্গে আলোচনায় দাবির ব্যাপারে তাঁর দল কিছু ছাড় দিতে পারে। এরপর শুক্রবার রাতে আলোচনায় বসেছিলেন সরকার ও পিটিআইয়ের প্রতিনিধিরা। গতকাল রাত পর্যন্ত দুই পক্ষের মধ্যে তিন দফায় আলোচনা হয়, কিন্তু সেই আলোচনার ফলাফল শূন্য।
আলোচনায় সরকারপক্ষের প্রতিনিধিদের একজন ছিলেন সরদার সারওয়ার। তিনি গণমাধ্যমকে বলেন, আলোচনা সফল হয়নি। প্রধানমন্ত্রীর পদত্যাগ বাদে পিটিআইয়ের সব দাবি মেনে নিতে চেয়েছে সরকারপক্ষ। কিন্তু এ ক্ষেত্রে তারা ছাড় দেবে না।
সরকারপক্ষের সঙ্গে আলোচনায় যোগ দেন পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি। তিনি জানান, নির্বাচনে জালিয়াতির অভিযোগ তদন্তে সরকার বিচার বিভাগীয় কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। তাঁর দল সেই প্রস্তাব মেনে নিয়েছে। কিন্তু কমিশনের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করার স্বার্থে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি বলেন, অন্তত এক মাসের জন্য প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই সময়ের মধ্যে তদন্ত শেষ করবে কমিশন। এরপর কমিশন যদি বলে, নির্বাচনে কোনো জালিয়াতি হয়নি, তাহলে প্রধানমন্ত্রীকে মেনে নিতে পিটিআইয়ের কোনো আপত্তি থাকবে না।
গত বছরের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে জোর আন্দোলন করছে পিটিআই ও পিএটি। ইসলামাবাদে পার্লামেন্টের সামনে চলছে তাদের অবস্থান কর্মসূচি।
গত বছরের নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)। পার্লামেন্টে প্রধান বিরোধী দলের আসনে আছে জারদারির দল পিপিপি। আর ইমরানের পিটিআই পার্লামেন্টে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দল। তবে পিটিআইয়ের ৩৪ আইনপ্রণেতার সবাই শুক্রবার পদত্যাগ করেছেন। যদিও পার্লামেন্টের স্পিকার বলেছেন, তাঁদের পদত্যাগপত্র এখনো গৃহীত হয়নি।
এই অবস্থায় গতকাল লাহোরে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও প্রধান বিরোধী দল পিপিপির কো-চেয়ারম্যান জারদারি। চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা। পরে এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ইসহাক দার জানান, বৈঠকে নওয়াজ ও জারদারি এ ব্যাপারে একমত হয়েছেন, যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, তা সংবিধানের আওতার মধ্যে থেকেই নিতে হবে।
অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নওয়াজকে পূর্ণ সমর্থন দিয়েছেন জারদারি।
নওয়াজ শরিফের সঙ্গে জারদারির আলোচনার পর ইমরান খান বলেছেন, তাঁরা বৈঠক করে কী সিদ্ধান্ত নিলেন, তাতে কিছু আসে যায় না। ইসলামাবাদে দলের অবস্থান কর্মসূচিতে দেওয়া বক্তব্যে ইমরান বলেন, ‘প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে আসব না। আমি শেষ বল পর্যন্ত খেলে যাব।’