নওয়াজকে পদত্যাগ করতে বলা হয়নি: আইএসপিআর

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদত্যাগ করতে বলেছেন বলে যে খবর প্রচারিত হয়েছে, তাকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সেনাপ্রধান রাহিল ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বৈঠকের পরপরই পাকিস্তানের কয়েকটি নিউজ চ্যানেল জানায়, সেনাপ্রধান বৈঠকে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। এর পরই আইএসপিআর জানায়, এ খবর ভিত্তিহীন।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ আজ সোমবার সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের সঙ্গে বৈঠক করেন। তাঁদের মধ্যে দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
জিয়ো টিভির খবরে বলা হয়, সেনাপ্রধান ও প্রধানমন্ত্রী সাংবিধানিকভাবে দেশের চলমান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান ঘটনার ব্যাপারে একমত হন। বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী কোনো ধরনের অসাংবিধানিক পদক্ষেপকে প্রশ্রয় দেবেন না বলে জানান। সাংবিধান ও পার্লামেন্টকে সমুন্নত রাখতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে সেনাপ্রধানকে জানান।
সূত্রের বরাত দিয়ে জিও টিভি জানায়, পার্লামেন্টে পুনরায় বিষয়টি তোলা হবে বলে প্রধানমন্ত্রী সেনাপ্রধানকে জানিয়েছেন।
এর আগে গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন জেনারেল রাহিল।