নওয়াজের সঙ্গে কী কথা ওবামার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করেন বারাক ওবামা
ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মার্কিন প্রেসিডেন্টের উপস্থিত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ফোন করেন বারাক ওবামা

পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে গত শুক্রবার ফোন করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওবামার উপস্থিত থাকার বিষয়টি আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস নিশ্চিত করার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট।
এয়ার ফোর্স ওয়ান থেকে নওয়াজকে দেওয়া ওবামার ফোনকে সান্ত্বনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরের ঘোষণার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ যাতে আহত না হয়, তা নিশ্চিত করতেই ওয়াশিংটনের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। 
নওয়াজকে ফোনে ওবামা বলেছেন, ইসলামাবাদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ওয়াশিংটন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়, ওবামাকে নওয়াজ বলেছেন, ভারত সফরের সময় তিনি যাতে কাশ্মীর সমস্যার সমাধানে ভূমিকা রাখেন। 
ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় আলোচনায় অচলাবস্থার জন্য নয়াদিল্লিকে দায়ী করেছে ইসলামাবাদ। 
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ওবামা আমাদের অবস্থান বুঝতে পেরেছেন। পাকিস্তান সফরে ওয়াশিংটনে ওবামাকে দেওয়া আমন্ত্রণের বিষয়টি আবারও স্মরণ করিয়ে দিয়েছেন নওয়াজ। ওবামা তাঁকে বলেছেন, দেশের (পাকিস্তান) পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি পাকিস্তান সফর করবেন। 

দুই নেতার এই ফোনালাপ সম্পর্কে হোয়াইট হাউসের দেওয়া বিবৃতিতে কাশ্মীর-সংকট বা ওবামার পাকিস্তান সফরের বিষয়টি অনুপস্থিত।