বিদেশে অবৈধ উপায়ে অর্থ পাচারের অভিযোগে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিসহ ৬২ রাজনীতিকের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গত শুক্রবার লাহোর হাইকোর্ট এই আদেশ দেন। খবর আইএএনএসের।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শরিফ ও জারদারি ছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ, তেহরিক-ই-ইনসাফ পার্টির নেতা ইমরান খানসহ ওই রাজনীতিকেরা অবৈধভাবে বিদেশে তাঁদের সম্পদ পাচার করেন।
এই প্রেক্ষাপটে গত জুন মাসে আদালত ৬১ নেতাকে তাঁদের সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ২ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র তিনজন তাঁদের সম্পদ বিবরণী আদালতে জমা দেন। আদালত মামলাটির শুনানি ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন।
অন্যদিকে ডন-এর এক খবরে বলা হয়, ১৪ বছর আগে করা অর্থপাচার সংক্রান্ত একটি মামলা থেকে প্রধানমন্ত্রী নওয়াজ ও তাঁর ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজকে শুক্রবার অব্যাহতি দিয়েছেন জবাবদিহিমূলক আদালত। আদালত বলেন, মামলাটি ১৪ বছর ধরে ঝুলে আছে। এ সময়ের মধ্যে একজন সাক্ষীও আদালতে হাজির হননি। এ মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।