প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পদত্যাগ না করা পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা তাহির উল-কাদরি। দুই নেতাই লাখো সমর্থক নিয়ে ‘মার্চ’ করে শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদে পৌঁছে সেখানে অবস্থান নিয়েছেন। খবর বিবিসি, এএফপি, রয়টার্স, জিয়ো টিভি, নেশন ও ডনের।
নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে লাহোর থেকে রওনা দিয়ে পিটিআইয়ের ‘আজাদি মার্চ’ শুক্রবার রাতে রাজধানী ইসলামাবাদে পৌঁছে। একই রাতে সেখানে পৌঁছে পিএটির ‘ইনকিলাব মার্চ’। দুই নেতা পৃথকভাবে সরকার পতনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। তাঁরা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করতে রাজধানীতে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর অঙ্গীকার করেছেন।
ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা ও কেন্দ্রীয় রেলমন্ত্রী খাজা সাদ রফিক প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়াকে অসাংবিধানিক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, এ দাবি থেকে সরে এলে ইমরানের সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা রয়েছে সরকারের।
আজাদি মার্চ ইসলামাবাদে পৌঁছার পর নেতা-কর্মীরা রাজধানীর আবপারা চকে অবস্থান নেন। সেখানে গতকাল শনিবার বিকেলে নেতা-কর্মীদের উদ্দেশে ইমরান বলেন, ‘দেশের প্রকৃত স্বাধীনতা অর্জিত হওয়ার আগে এই স্থান ছাড়ব না। সিদ্ধান্ত এখন নওয়াজ শরিফের। দাবি মেনে নিয়ে পদত্যাগ করুন, নতুন নির্বাচন দিন।’ এই বক্তব্য দেওয়ার প্রায় পৌনে দুই ঘণ্টা পর ইমরান রাজধানীর বানি গলিতে অবস্থিত নিজের বাড়িতে চলে যান। ইমরানের বক্তব্যের আগে তাঁর দলের শীর্ষস্থানীয় নেতারা বক্তৃতা করেন। আজাদি মার্চে অংশ নেওয়া বেকার তরুণ মুহাম্মদ তারাকি (২৫) বলেন, ‘আমি মনে করি, ইমরান খান তরুণদের আরও ভালো একটি দেশ উপহার দিতে পারবেন।’
এদিকে কাদরির দল পিএটির ইনকিলাব মার্চ ইসলামাবাদে পৌঁছার পর নেতা-কর্মীরা অবস্থান নেন খায়াবান-ই-সোহরাওয়ার্দীতে। শুরুতে জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার কথা থাকলেও পরে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে খায়াবান-ই-সোহরাওয়ার্দীতে অবস্থান নেন কাদরির অনুসারীরা। তাঁদের উদ্দেশে বক্তৃতায় পাকিস্তানের আধ্যাত্মিক এই নেতা বলেন, বিপ্লব না হওয়া পর্যন্ত তিনি রাজপথ ছাড়ছেন না। বিপ্লব খুব দূরে নয় বলেও মন্তব্য করেন তিনি। কাদরি বলেন, ‘আমাদের বিপ্লব গণতান্ত্রিক, এখানে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদের কোনো জায়গা নেই।’ তিনি আরও বলেন, ‘আমরা সহিংসতায় বিশ্বাস করি না। অহিংস পথেই বিপ্লব চাই।’
কাদরির মুখপাত্র শহিদ মুরসালিন জানান, কাদরি শিগগিরই তাঁর দাবিসংবলিত ‘ডিমান্ডস অব রেভল্যুশন মার্চ ২০১৪’ সবার সামনে উপস্থাপন করবেন। সেখানে প্রধানমন্ত্রী নওয়াজের পদত্যাগ ও তাঁকে গ্রেপ্তারের দাবি উল্লেখ থাকবে।
ইমরান-কাদরির বিক্ষোভকে ঘিরে ইসলামাবাদে ব্যাপক সহিংসতার আশঙ্কা করা হলেও গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।