নওয়াজ-রাহিল বৈঠকের ভিডিও ঘিরে ধোঁয়াশা
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল রাহিল শরিফের বৈঠকের ভিডিও চিত্র ফাঁস হওয়ার ঘটনা নানা জল্পনার জন্ম দিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যমের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার অনুষ্ঠিত ওই বৈঠকে পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে ওঠা বিতর্ক অবসানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান রাহিল শরিফ। তবে প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, ওই দিন পানামা পেপারস নিয়ে এই দুজনের মধ্যে কোনো কথাই হয়নি।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের কয়েকটি টেলিভিশন চ্যানেল নওয়াজ ও রাহিলের বৈঠকের ভিডিও প্রচার করে। দুজনের বৈঠকে নওয়াজ শরিফকে বলতে শোনা যায়, ‘তারিখ দেওয়া হয়েছে।’ উত্তরে জেনারেল রাহিল যা বলেন তা স্পষ্ট বোঝা যায়নি। এক টেলিভিশন সাংবাদিক বলেন, জবাবে রাহিল বলেছেন, ‘ওই তারিখের আগেই আপনার সেখানে যাওয়া দরকার।’ তবে ওই ‘তারিখ’ বলতে তাঁরা কোন বিষয়ের নির্ধারিত তারিখ বোঝাচ্ছিলেন, তা বোঝা যায়নি।
বেসামরিক ও সামরিক শীর্ষ পর্যায়ের এসব আলোচনার ভিডিও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বরাবরই ধারণ করা হয়। কিন্তু ভিডিও ধারণের সময় শব্দ ধারণ করা হয় না। ঠিক এই সময়েই এ ধরনের অডিও-সংবলিত ভিডিও প্রচারকে অস্বাভাবিক ঘটনা হিসেবে অনেকেই বিবেচনা করছেন। বিষয়টি পাকিস্তানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
পানামা পেপারস কেলেঙ্কারিতে নওয়াজ শরিফের তিন ছেলেমেয়ের নাম উঠে এসেছে। সবশেষ গত সোমবার দেশটির আরও ২৫৯ জনের নাম উঠে আসে। পাকিস্তানের বিরোধী দলগুলো নওয়াজের পদত্যাগের দাবিতে সরব। কিন্তু অফশোর ব্যাংকিংয়ে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে নওয়াজের পরিবার। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টাও রয়েছে সরকারি স্তরে। আর মঙ্গলবারের বৈঠকে রাহিল শরিফ উদ্ভূত বিতর্ক নিরসনে নওয়াজের দৃষ্টি আকর্ষণ করেন। এক কর্মকর্তা বলেন, বৈঠকে শরিফ বলেন, ‘পানামা বিতর্ক পাকিস্তানে অস্থিরতা তৈরি করছে।’