নওয়াজ শরিফের আবেদন খারিজ

পানামা পেপারস মামলায় নওয়াজ শরিফকে ‘প্রধানমন্ত্রী পদে থাকার অযোগ্য’ ঘোষণা করে গত ২৮ জুলাই যে রায় দেওয়া হয়, তা পুনর্বিবেচনার আবেদন খারিজ করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। আগের রায় বহাল রাখার ফলে ২০১৮ সালের মাঝামাঝিতে দেশটিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে এর প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে। খবর রয়টার্স ও ডন অনলাইনের।
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের খবরে বলা হয়েছে, শীর্ষ আদালত একই সঙ্গে নওয়াজ শরিফের ছেলেমেয়ে ও অর্থমন্ত্রী ইসহাক দারের আবেদনও খারিজ করে দিয়েছেন।
বিচারপতি আসিফ সাইদ খোসার নেতৃত্বে পাঁচজন বিচারপতির সুপ্রিম কোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে আজ শুক্রবার ওই রায় দেন। বিচারপতি আসিফ সাঈদ বলেন, ‘রায় পর্যালোচনার সব আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।’ আদালত তাঁর এ সিদ্ধান্তের কারণ আগামী সপ্তাহে তুলে ধরবেন বলে ধারণা করা হচ্ছে।
এই রায়ের ফলে পার্লামেন্ট সদস্য হিসেবেও নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে যে রায় দেওয়া হয়েছিল, তা-ও বহাল থাকল। শরিফের পরিবার ও অর্থমন্ত্রী ইসহাক দারকে এখন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা দুর্নীতির অভিযোগগুলোর মোকাবিলা করতে হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নওয়াজ শরিফকে কয়েক বছরের জন্য, না স্থায়ীভাবে অযোগ্য ঘোষণা করা হয়েছে, তা পরিষ্কার নয়। এই রায় নওয়াজ শরিফ ও তাঁর ভবিষ্যৎ উত্তরসূরি তাঁর মেয়ে মরিয়মের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। দেশটিতে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ দলের ভবিষ্যৎ নেত্রী বলে মরিয়মকে বিবেচনা করা হয়। আদালতের এই রায় দলটির জন্য বড় আঘাত বলে বিবেচনা করছেন দলের নেতা-কর্মীরা।
গত ২৮ জুলাই সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন। সর্বোচ্চ আদালতে অযোগ্য ঘোষিত হওয়ার পর ওই দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী পদ ছেড়ে দেন নওয়াজ শরিফ।
পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্যে নওয়াজ (৬৭) ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগের তদন্ত করতে আদালতের নির্দেশে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়। জেআইটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন।
নওয়াজ পদত্যাগ করলেও তাঁর দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ক্ষমতায় রয়েছে। নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
গত বছর পানামাভিত্তিক আইনি সেবাপ্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১৫ লাখ গোপন নথি প্রকাশ করে। এতে বিশ্বের বহু ক্ষমতাধর, ধনী ও প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে বিপুল অর্থ পাচারের অভিযোগ সামনে আসে; যা বিশ্বে পানামা পেপারস কেলেঙ্কারি নামে পরিচিতি পায়। এরই নথিতে নওয়াজ ও তাঁর চার ছেলেমেয়ের মধ্যে তিনজনের নাম আসে।