নওয়াজ শরিফের জামাতা সফদার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাপ্টেন (অব.) সফদার
ক্যাপ্টেন (অব.) সফদার

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের জামাতা ক্যাপ্টেন (অব.) সফদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাওয়ালপিন্ডিতে হাজারো সমর্থকের মিছিলের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করেন ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) সদস্যরা।

দুর্নীতির মামলায় গত শুক্রবার নওয়াজকে ১০ বছর, তাঁর মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও মরিয়মের স্বামী সফদারকে এক বছর কারাদণ্ডাদেশ দেন পাকিস্তানের একটি আদালত। ওই রায়ের পর থেকে সফদারকে গ্রেপ্তারের প্রক্রিয়া শুরু হয়। লন্ডনে চিকিৎসাধীন স্ত্রী কুলসুম নওয়াজের পাশে থাকতে সেখানেই অবস্থান করছেন নওয়াজ। মরিয়মসহ নওয়াজের অন্য সন্তানেরাও লন্ডনে আছেন। তবে নওয়াজ ১৩ জুলাই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।

ডন নিউজের খবরে বলা হয়, সফদার আজ আদালতে আত্মসমর্পণের ঘোষণা দিয়ে গাড়িবহর নিয়ে রাস্তায় নামেন। পরিকল্পনা ছিল তাঁর প্রতি তথা নওয়াজের দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রতি জনগণের সমর্থন দেখিয়ে দেওয়া। এ কারণে দলীয় নেতাদেরও ডেকেছিলেন তিনি। সফদার পথে নামার সঙ্গে সঙ্গে হাজারো নেতা-কর্মী তাঁর গাড়িবহরে যোগ দেন। আগে থেকেই এনএবির কর্মকর্তারা পুলিশের সহায়তা নিয়ে সফদারকে গ্রেপ্তারের সব প্রস্তুতি নেন। সফদারের গাড়িবহর রাওয়ালপিন্ডির সিক্সথ রোডে পৌঁছালে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় সমর্থকেরা সফদারের গাড়ির সামনে শুয়ে পড়ে গ্রেপ্তারে বাধা দেওয়ার চেষ্টা করেন। গ্রেপ্তারের পর সফদারকে এনএবির সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

গাড়িবহর নিয়ে রাস্তায় নামার আগে এক অডিও বার্তায় আত্মসমর্পণের ঘোষণা দেন সফদার। সেই বার্তায় তিনি বলেন, দলীয় হাইকমান্ডের নির্দেশে তিনি আত্মসমর্পণ করতে যাচ্ছেন।