নওয়াজ শরিফের বিরুদ্ধে হত্যা মামলার নির্দেশ
সংঘর্ষে পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) ১১ নেতা-কর্মী নিহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে হত্যা মামলা করার নির্দেশ দিয়েছেন লাহোরের একটি আদালত।
গতকাল শনিবার পুলিশকে আদালতের দেওয়া ওই নির্দেশে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নওয়াজের ভাই শাহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খানসহ আরও ১৮ জনকে আসামি করতে বলা হয়েছে। খবর ডন ও জিয়ো টিভির।
গত ১৭ জুন লাহোর মডেল টাউনে পুলিশের সঙ্গে সংঘর্ষে আধ্যাত্মিক নেতা তাহির উল-কাদরির দল পিএটির ১১ নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় আদালত ওই মামলা করার নির্দেশ দিলেন।
ডনের প্রতিবেদনে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বলা হয়, পাঞ্জাব সরকার মডেল টাউনের ওই ঘটনা সম্পর্কে প্রকৃত তথ্য বিচার বিভাগীয় কমিশনের কাছে গোপন করেছে। প্রাদেশিক সরকার ওই ঘটনার জন্য এককভাবে পুলিশের ওপর দোষ চাপিয়েছে।
আদালতের ওই নির্দেশের পর নওয়াজ ও শাহবাজ বৈঠক করেছেন। বৈঠকে তাঁরা আদালতের নির্দেশনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তবে কারো পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি।