নওয়াজ শরিফের সতর্ক নড়াচড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ। ফাইল ছবি
নওয়াজ শরিফ। ফাইল ছবি

ভারতের সঙ্গে যখনই আলোচনার প্রসঙ্গ আসে পাকিস্তানের মনে হয় যেন মাটিতে পুঁতে রাখা মাইনের ওপর দিয়ে হাঁটছে। যেকোনো মুহূর্তে বিস্ফোরণ হতে পারে। এ কথা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের চেয়ে ভালো কে জানে? ১৯৯৯ সালে যেখানটায় তিনি থেমে গিয়েছিলেন, সেখান থেকে নতুন করে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছেন। তাঁর লক্ষ্য চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে বৈরিতার অবসান ঘটানো। রাষ্ট্রের ওপর চাপ কমানো।
তাই অনেকের অনিচ্ছা সত্ত্বেও নওয়াজ যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে।
এর পর ঠিক হয় ইসলামাবাদে দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হবে। কিন্তু সফরের ঠিক আগে সেই সফর বাতিল করে দেন মোদি নিজেই। কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী হুরিয়াত কনফারেন্স নেতাদের সঙ্গে পাকিস্তানি হাইকমিশনার আলোচনায় বসেছিলেন।
এরপর আবার দুই নেতার মিলন ঘটে রাশিয়ার উফা শহরে। কিন্তু সেই বৈঠকও অতীতে দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমিত হয়নি। কেননা এর আগে জুনে ঢাকায় মোদির ভাষণ ও পাকিস্তানে মুম্বাই হামলার পরিকল্পনাকারী লাকভির মুক্তির পর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। এসব চাপ মাথায় নিয়েই সম্মেলনে যোগ দেন নওয়াজ।
এ বৈঠক যেন পাকিস্তানে নওয়াজ বিরোধীদের পালে হাওয়া দিল। দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির সিনেটর রেহমান মালিক টুইটারে লেখেন, ‘আমাদের প্রধানমন্ত্রী লম্বা করিডর দিয়ে হেঁটে গেলেন, আর মোদি ন্যূনতম ভদ্রতা দেখিয়ে কয়েক পা এগিয়ে এসে তাঁর সঙ্গে করমর্দন করেন।’ বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রসচিবেরা বিবৃতি পাঠ করেন। ওই বিবৃতির মধ্য দিয়ে নওয়াজ শোচনীয় আত্মসমর্পণ করেছেন বলে অভিযোগের বন্যা বয়ে যায়।

সাবেক ক্রিকেটার ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের মুখপাত্র শিরিন মাজারি বলেন, প্রধানমন্ত্রী যা গ্রহণ করেছেন, তা ছিল ভারতেরই লিখে দেওয়া বিবৃতি। ভারতের প্রধানমন্ত্রীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানোর বিষয়টিকে তিনি অপ্রয়োজনীয় বলে মনে করেন। বৈঠকে কাশ্মীর ইস্যুর মতো অমীমাংসিত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনার বিষয়ে কথা না হওয়ায় বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েন নওয়াজ। এ বৈঠকের পর ভারতীয় গণমাধ্যমে মোদির বাধভাঙা প্রশংসা নওয়াজের জন্য আরও দুর্গতি ডেকে আনে। ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার এ্ই একপেশে প্রশংসার সমালোচনা করেন।

এত সমালোচনার পর মনে হতেই পারে, নওয়াজ কিছুটা পিছিয়ে পড়েছেন, কিন্তু কার্যত বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনা করার বা পিছিয়ে পড়ার কোনো কারণ নেই।

তুলনামূলকভাবে নওয়াজ তার সরকার নিয়ে গত বছরের তুলনায় এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। সরকার সফলভাবে ইমরান খান ও ধর্মীয় নেতা তাহির-উল-কাদরির সমর্থকদের রাজধানী অচল করে দেওয়ার মতো সংকট কাটিয়ে উঠেছে। পাঞ্জাব প্রদেশে নির্বাচনের মধ্য দিয়ে পাকিস্তান মুসলিম লীগের (এন) বিজয় নওয়াজ সরকারের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। অর্থনীতিও আগের চেয়ে স্থিতিশীল, যদিও এখনো অতটা গতিশীল হয়নি। বর্তমানে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার চার শতাংশের ওপর, যা গত ছয় বছরে সর্বোচ্চ।

গত আট বছরে এবার সবচেয়ে কম মুদ্রাস্ফীতি হয়েছে। এমনকি চীনের সঙ্গে পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্কও জোরদার হচ্ছে। এরই মধ্যে অবকাঠামো উন্নয়ন খাতে চীন পাকিস্তানে চার হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগের চুক্তি হয়েছে। যা নওয়াজের ভাবমূর্তিকে জনগণের কাছে আরও উজ্জ্বল করেছে। এমনকি উত্তর ওয়াজিরিস্তানে তালেবানবিরোধী সেনা অভিযানের মাধ্যমে সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

সম্প্রতি কয়েক মাসে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক চোখে পড়ার মতো উন্নতি ঘটেছে। পাকিস্তানের মধ্যস্থতায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে দুই পক্ষের মধ্যে প্রকৃত শান্তি আলোচনার শুরু হওয়ার আশা জেগেছে।

আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো গত বছরের তুলনায় পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে নওয়াজের সম্পর্ক অনেক ভালো অবস্থানে পৌঁছেছে। এর মূল কারণ হলো, সেনাবাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ না আনা। যাঁদের বিরুদ্ধে এসব মামলা রয়েছে, সেগুলো নাড়াচাড়া করেননি নওয়াজ শরিফ। বিশেষ করে সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলাগুলো আর সচল হয়নি। নওয়াজ যেমন এ ক্ষেত্রে বেশি ছাড় দিচ্ছেন, সে ক্ষেত্রে সেনাবাহিনীও রাজনৈতিক ক্ষমতার দ্বন্দ্ব থেকে দূরে রয়েছে।

তবে যখনই ভারত-বিষয়ক কোনো নীতি গ্রহণ করতে হবে, তখন নওয়াজকে সেই টেবিলে সেনাবাহিনীকে রাখতে হবে। উফা সম্মেলনে যৌথ বিবৃতিতে ঘোষিত ১০ দফা প্রস্তাব বাস্তবায়নে সেনাবাহিনীকে সঙ্গে রেখেই তা করতে হবে। দুই দেশের চলমান উত্তেজনা কমানোর স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াবে না সেনাবাহিনী। বরং তাদের মূল লক্ষ্য উদীয়মান জঙ্গি তৎপরতাকে মোকাবিলা করা।

উফার ওই যৌথ বিবৃতি নিয়ে দেশে যতই নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হোক না কেন, বড় বড় রাজনৈতিক দলের নেতারা মনে করেন, পাকিস্তান ও ভারতের মধ্যে বিদ্যমান বর্তমান অচলাবস্থা নিরসনে আলোচনাই একমাত্র পথ। ভারত এক পা এগিয়ে এলে নওয়াজ দুই পা এগোতে আগ্রহী। ইন্ডিয়া টুডে অবলম্বনে