নওয়াজকে ক্ষমতা থেকে সরানোয় সেনাবাহিনীর ভূমিকা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে তাঁর প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পেছনে সেনাবাহিনীর ভূমিকা ছিল, এমন ধারণা ‘ভিত্তিহীন’ বলে নাকচ করে দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সেনাপ্রধান বলেছেন, তিনি গণতন্ত্রের একজন একনিষ্ঠ সমর্থক।

পানামা পেপারস কেলেঙ্কারির মামলায় গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিম কোর্ট নওয়াজ শরিফকে (৬৭) অসততার জন্য প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করেন এবং তিনি ও তাঁর সন্তানদের বিরুদ্ধে দুর্নীতির মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। এ রায় ঘোষণার কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান নওয়াজ।

গত সোমবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি ও সিনেটের ডিফেন্স কমিটির সদস্যদের প্রশ্নের জবাবদানকালে সেনাপ্রধান বাজওয়া এই মন্তব্য করেন।

ডন-এর খবরে বলা হয়, পার্লামেন্টারি কমিটির সদস্যরা এ সময় সেনাপ্রধানকে নিরাপত্তা অভিযান, সামরিক আদালত, প্রতিরক্ষা বাজেট, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা, আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সম্পর্কে সমস্যা, সামরিক-বেসামরিক সম্পর্কসহ নানা আলোচিত বিষয়ে প্রশ্ন করেন। এ রকমই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নওয়াজ শরিফকে পদচ্যুত করার ক্ষেত্রে সেনাবাহিনীর হাত থাকার অভিযোগ ভিত্তিহীন। তিনি গণতন্ত্রের একজন শক্ত সমর্থক ও পার্লামেন্টের সার্বভৌমত্বে বিশ্বাসী।