নওয়াজকে প্রধানমন্ত্রী বানানোর কৃতিত্বের দাবি জারদারির
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দাবি করেছেন, তিনি বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। গত বুধবার লাহোরে বিলওয়াল হাউসে পাঞ্জাব প্রদেশের প্রশাসনিক রাজধানী গুজরানওয়ালা থেকে আসা পিপিপির টিকিটধারী ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সময় তিনি এ দাবি করেন।
বৈঠকে জারদারি বলেন, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফকে বুঝিয়ে অবসরে পাঠানোর পরই পিএমএল (নওয়াজ) নেতারা ‘সিংহ’ হয়ে ওঠেন। পিপিপির এ কো-চেয়ারম্যান আরও বলেন, ‘নওয়াজ শরিফ ও তাঁর সঙ্গীদের ভুলে যাওয়া উচিত নয় যে আমিই ছিলাম সেই ব্যক্তি, যিনি মোশাররফকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তাঁদের (শরিফ ও তাঁর সঙ্গীদের) “শের” (সিংহ) বানিয়েছিলাম।’ ২০০৮ সালে নিজের দল ক্ষমতায় আসার পর দেশের প্রধানমন্ত্রী না হয়ে তাঁর প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্তের সপক্ষেও যুক্তি দেখান তিনি।