নওয়াজদের লন্ডনের ফ্ল্যাটগুলো নব্বইয়ের দশকে কেনা
যুক্তরাজ্যের লন্ডনের অভিজাত পার্ক লেনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পরিবারের মালিকানাধীন সম্পত্তি ১৯৯০-এর দশকেই কেনা হয়েছিল। গত শুক্রবার বিবিসি উর্দুর এক সংবাদে এ কথা জানানো হয়। ওই খবরে আরও জানানো হয়, শরিফ পরিবারের ওই সম্পত্তির মালিকানা আজ পর্যন্ত পরিবর্তন হয়নি।
বিবিসি উর্দুর ভাষ্য, তাদের হাতে থাকা দাপ্তরিক নথিপত্র অনুযায়ী, নিয়েলসেন ও নেসকল কোম্পানির নামে পার্ক লেন এলাকায় চারটি ফ্ল্যাট কেনা হয়েছিল। যুক্তরাজ্যে ব্যবসা পরিচালনা করা এই দুই প্রতিষ্ঠানের রেকর্ড অনুযায়ী নওয়াজ শরিফের ছেলে হাসান নওয়াজ ২০০১ সালে যুক্তরাজ্যে ফ্ল্যাগশিপ ইনভেস্টমেন্ট লিমিটেড নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করান। নিবন্ধনের সময় তিনি যে ঠিকানা কর্তৃপক্ষকে দিয়েছিলেন, তা ছিল পার্ক লেনের ওই ফ্ল্যাটেরই ঠিকানা।
পানামা পেপার্স কেলেঙ্কারির পর প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হুসাইন নওয়াজ স্বীকার করেন, নিয়েলসেন ও নেসকলে তাঁর পরিবারের মালিকানা রয়েছে।
হুসাইন নওয়াজ বলেন, ‘লন্ডনে পার্ক লেনের অ্যাপার্টমেন্ট আমাদের, দুই অফশোর কোম্পানি নিয়েলসেন ও নেসকল এই ফ্ল্যাটগুলোর মালিক এবং আমি এই দুই কোম্পানির লভ্যাংশ-ভোগী মালিক। এগুলো আমার বোন মরিয়ম নওয়াজ শরিফের নেতৃত্বে পরিচালিত একটি ট্রাস্টের মাধ্যমে কাজ করছে।’
যুক্তরাজ্যে জমি বেচাকেনার তথ্য সংরক্ষণকারী দপ্তরের কাছ থেকে বিবিসির পাওয়া তথ্য অনুযায়ী, পার্ক লেনের প্রথম ফ্ল্যাটটি ১৯৯৩ সালের ১ জানুয়ারি কেনে নেসকল লিমিটেড। দ্বিতীয় ও তৃতীয়টি ১৯৯৫ সালের ৩১ জুলাই কিনে নেয় নিয়েলসেন এন্টারপ্রাইজ। আর ১৯৯৬ সালের ৩০ জুলাই নেসকল লিমিটেড চতুর্থ ফ্ল্যাটটি কেনে।