নওয়াজের আসনে বিজয়ী তাঁর স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সহায়তা করতে কাজ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলের (এন) কর্মীরা। ছবিটি রোববার লাহোরের একটি ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স
ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের সহায়তা করতে কাজ করেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলের (এন) কর্মীরা। ছবিটি রোববার লাহোরের একটি ভোটকেন্দ্র থেকে তোলা। ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ। গতকাল রোববার পাকিস্তান জাতীয় পরিষদের এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অসমর্থিত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ফলাফলের কথা জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন অনলাইন। এই উপনির্বাচনে ২২০টি ভোটকেন্দ্রে নওয়াজ–সমর্থিত পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল) প্রার্থী হিসেবে কুলসুম নওয়াজ পেয়েছেন ৬১ হাজার ২৫৪ ভোট। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইয়াসমিন রশিদ পেয়েছেন ৪৭ হাজার ৬৬ ভোট। উপনির্বাচনে তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব শেখ। তবে তিনি নবগঠিত মিল্লি মুসলিম লীগের (এমএমএল) সমর্থন পেয়েছিলেন। আর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী ফয়সাল মীর চতুর্থ অবস্থানে আছেন।

পানামা পেপারস দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে নওয়াজ শরিফ ক্ষমতা ত্যাগ করতে বাধ্য হন। জাতীয় পরিষদে তাঁর আসনটিও খালি হয়।

গতকাল সন্ধ্যায় ফল ঘোষণার পর শরিফ-কুলসুম দম্পতির মেয়ে মরিয়ম নওয়াজ দলের সমর্থকদের উদ্দেশে বলেন, ‘এই ফলাফলে প্রমাণিত হলো নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের দেওয়া সিদ্ধান্ত জনগণ প্রত্যাহার করেছে। আদালতের মুখপাত্রদেরও প্রত্যাখ্যান করেছে।’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ বিজয়ী হওয়ায় সমর্থকদের উল্লাস। ছবিটি সোমবার লাহোর থেকে তোলা। ছবি: রয়টার্স
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের শূন্য আসনে উপনির্বাচনে তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ বিজয়ী হওয়ায় সমর্থকদের উল্লাস। ছবিটি সোমবার লাহোর থেকে তোলা। ছবি: রয়টার্স

২০১৩ সালে নওয়াজ শরিফ বিজয়ী হওয়ার পর মডেল টাউনের যে বারান্দায় দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলেন, মরিয়মও গতকাল সেই একই বারান্দা থেকে বক্তব্য দেন। তিনি বলেন, ‘ভোটাররা একটি সিদ্ধান্তের ওপর নিজেরা আরেকটি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফই।’ এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে অজ্ঞাত ব্যক্তিরা ইউনিয়ন কাউন্সিলের (ইউসি) একজন চেয়ারম্যানসহ পিএমএল-এনের কর্মীদের গ্রেপ্তার ও হুমকি দিয়েছিল। তবে সব ভয়ভীতি উপেক্ষা করে ইউসি চেয়ারম্যানেরা তাঁর ডাকে দৃঢ়ভাবে পাশে দাঁড়িয়েছেন। কারও নাম উল্লেখ না করেই তিনি বলেন, এ ধরনের অপকৌশল প্রয়োগ করে সাধারণ মানুষের ক্ষমতা হরণ করা যাবে না। যারা পিএমএল-এনের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত, তাদের তিনি সতর্ক করে দেন। সেই সঙ্গে তিনি কুলসুম ও নওয়াজ শরিফের পক্ষ থেকে সমর্থকদের ধন্যবাদ জানান।

পিটিআই চেয়ারম্যান ইমরান খান এক টুইট বার্তায় তাঁর দলের কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের নির্বাচনের প্রচারাভিযানে অক্লান্ত পরিশ্রম করায় ধন্যবাদ জানিয়েছেন। পিএমএল-এন–সমর্থিত ফেডারেল, প্রাদেশিক ও স্থানীয় সরকারের বিরুদ্ধে ইয়াসমিন রশিদের সাহসী ও দৃঢ় সংকল্পেরও প্রশংসা করেছেন তিনি।

ক্যানসার আক্রান্ত কুলসুম নওয়াজ বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন আছেন। নওয়াজ আদালতের নির্দেশে অযোগ্য হয়ে ক্ষমতা ছাড়ার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শাহিদ খাকান আব্বাসী।