নওয়াজের উত্থান-পতন

রাজনীতির বাঁকে বাঁকে আসে উত্থান-পতন। রাজনীতির এই খোলা ময়দানে একসময় কেউ মহানায়ক হিসেবে বিবেচিত হন, একই ব্যক্তি আবার পরিণত হন খলনায়কে। পাকিস্তানের নওয়াজ শরিফ এমনই একজন। পাকিস্তানের তিন-তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি। তবে এখন তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। গতকাল শুক্রবার দুর্নীতিসংক্রান্ত মামলায় তাঁকে ১০ বছরের কারাদণ্ড দেন অ্যাকাউন্টিবিলিটি কোর্ট। তাঁর রাজনৈতিক জীবনের উত্থান-পতনের গুরুত্বপূর্ণ দিকসমূহ:
জন্ম ও শিক্ষা
১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর লাহোরের ব্যবসায়ী পরিবারে জন্ম। লাহোর সরকারি কলেজ ও পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে আইনে ডিগ্রি নেওয়ার আগে পড়েছেন লাহোরের সেন্ট অ্যান্থনিস হাইস্কুলে। লেখাপড়া শেষ করে নওয়াজ তাঁর পারিবারিক বৃহৎ ব্যবসাপ্রতিষ্ঠান ইত্তেফাক গ্রুপে যোগ দেন। ১৯৭১ সালের এপ্রিলে কুলসুমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।
রাজনীতির হাতেখড়ি
প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো শিল্পকারখানা জাতীয়করণ করার সময় রাজনীতি শুরু করেন নওয়াজ। জাতীয়করণ করা কারখানার মধ্যে তাঁদের স্টিল কারখানাও ছিল। ১৯৭৬ সালে পাকিস্তান মুসলিম লিগে (পিএমএল) যোগ দেন। পাঞ্জাব প্রদেশে দলটির শক্ত ঘাঁটি ছিল। জেনারেল জিয়াউল হকের শাসনামলে তিনি প্রথমবারের মতো পাঞ্জাবের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে যোগ দেন। এরপর তাঁকে আর পেছনে তাকাতে হয়নি। ১৯৮৫ সালে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৮ সালে দেশটির মার্শাল ল সমাপ্তির পর পুনরায় একই পদে নির্বাচিত হন। ওই বছর স্বৈরশাসক জিয়াউল হকের মৃত্যুর পর দ্বন্দ্বের কারণে পিএমএল দুই ভাগে ভাগ হয়ে যায়। দলটির একটি পক্ষের দায়িত্ব নেন নওয়াজ, পরে যার নাম হয় পিএমএল-এন।
অস্থিতিশীল পরিবেশে প্রধানমন্ত্রী
১৯৯০ সালের ১ নভেম্বর নওয়াজ প্রথমবারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ওই সময় দেশের জ্বালানিসংকট মোকাবিলায় পরমাণু প্রযুক্তির উন্নয়নে পরমাণুনীতি ঘোষণা করেন তিনি। ১৯৯৩ সালে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান জাতীয় পরিষদ ভেঙে দিলে তাঁর ক্ষমতায় থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। সুপ্রিম কোর্টের আদেশে এক মাস পর ক্ষমতা ফিরে পান।
১৯৯৭ সালে নিরঙ্কুশ বিজয়ের পর দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ নিয়ে সেনাবাহিনীর সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হতে থাকে। ওই বছরের শেষের দিকে সামরিক অভ্যুত্থানে নওয়াজকে ক্ষমতাচ্যুত করেন জেনারেল পারভেজ মোশাররফ। সন্ত্রাস, দুর্নীতিসহ বেশ কয়েকটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয় তাঁকে। পরে চুক্তির মাধ্যমে সৌদি আরবে স্বেচ্ছা নির্বাসনে যান তিনি। ২০০৭ সালে দেশে ফিরে এসে পুনরায় রাজনীতিতে যুক্ত হন।
২০১৩ সালের মে মাসে তৃতীয়বারের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ। তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর নির্দেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। কিন্তু জাতীয় নির্বাচনে বিরোধী দলগুলো ব্যাপক অনিয়মের অভিযোগ তোলায় তাঁর সরকারের ওপর চাপ বাড়তে থাকে। ২০১৬ সালের এপ্রিলে ফাঁস হওয়া পানামা পেপারসে তাঁর ও তাঁর মেয়ে মরিয়মের নামে দুটি অফসোর কোম্পানি থাকার কথা প্রকাশের পর সেই চাপ বোঝা হয়ে দাঁড়ায় সরকারের ওপর। পানামা পেপারসের প্রতিবেদনের তথ্য বিশ্লেষণ করে ২০১৭ সালের ২৮ জুলাই সুপ্রিম কোর্ট নওয়াজকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করেন। পরে দলের প্রধানের পদের জন্য অযোগ্য ঘোষণা করা হয়। রাজনীতি থেকেও আজীবন নিষিদ্ধ হন তিনি। গতকাল নিষেধাজ্ঞার কফিনে দেশটির অ্যাকাউন্টিবিলিটি কোর্ট শেষ পেরেক ঢুকিয়ে দিলেন ১০ বছরের সাজা প্রদানের মাধ্যমে।