নওয়াজের জবাব দিতে হেলিকপ্টার থেকে পুস্তিকা
পাকিস্তানের সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ কয়েক দিন ধরে বারবার বলেছেন, কোন অপরাধে তাঁকে অযোগ্য ঘোষণা করা, তা তিনি বুঝছেন না। এর জবাব দেওয়ার উদ্যোগ নিয়েছে পাকিস্তান তেহরিক-ইনসাফ (পিটিআই)। গতকাল রোববার তারা হেলিকপ্টার থেকে পুস্তিকা বিতরণ করেছে।
রাওয়ালপিন্ডির লিয়াকত বাগে গতকাল ইমরান খানের দল পিটিআইয়ের সমাবেশ হওয়ার কথা ছিল। সমাবেশকে কেন্দ্র করে রিয়াকত বাগ ও এর আশপাশের এলাকায় হেলিকপ্টার থেকে পিটিআইয়ের পুস্তিকা বিতরণ করা হয়। পুস্তিকার শিরোনাম, ‘আমরা আপনাকে বলব, কেন আপনাকে অযোগ্য ঘোষণা করা হলো।’
সম্প্রতি গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে লাহোর থেকে ইসলামাবাদগামী চার দিনব্যাপী মোটর শোভাযাত্রার পথে পথে দেওয়া ভাষণে একটি প্রশ্নই ঘুরেফিরে নওয়াজ শরিফ তুলেছেন, আর তা হলো, কেন তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছে? ‘কেউ আমাকে বলুন, কেন অব্যাহতি দেওয়া হলো আমাকে?’ এর জবাবে ১০টি কারণ পিটিআইয়ের প্রকাশ করা পুস্তিকায় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, নওয়াজ প্রধানমন্ত্রীর পদের সুযোগ নিয়েছেন ও করদাতাদের অর্থ মেরেছেন; মানিলন্ডারিংয়ের জন্য সন্তানদের নামে অফশোর কোম্পানি গড়েছেন। এ ছাড়া নওয়াজকে এ-ও স্মরণ করিয়ে দেওয়া হয়, দেশটির পাঁচজন বিচারক তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত দিয়েছেন।