নওয়াজের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি ইমরানের
পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণার আবেদন নিয়ে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান। কারণ, প্রধানমন্ত্রী হিসেবে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন। খবর ডনের।
ইমরান গতকাল শনিবার রাজধানী ইসলামাবাদের ডি-চকে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সরকারের সংলাপসংক্রান্ত কমিটি গণমাধ্যমের সামনে ঘোষণা দিয়েছিল, তারা পিটিআইয়ের পাঁচ দফা মেনে নিয়েছে। তারা গণমাধ্যমে বললেও পিটিআইকে এখনো লিখিত কিছু দেয়নি। সুতরাং মনে হচ্ছে, সরকার পাঁচ দফা মেনে নিতে প্রস্তুত নয়।
ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পিটিআই নেতা অভিযোগ করেন, নওয়াজ পার্লামেন্টে দাঁড়িয়ে পিটিআই, পিএটি ও সামরিক বাহিনীকে নিয়ে মিথ্যা বলেছেন।
নওয়াজের পদত্যাগের দাবিতে ২৩ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন পিটিআই এবং তাহির উল-কাদরির দল পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা-কর্মীরা।