নওয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স
নওয়াজ শরিফ। ফাইল ছবি: রয়টার্স

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত। দুর্নীতির মামলায় আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। 


আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, আজ দেশটির জাতীয় তদন্ত সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) আদালতের বিচারক মোহাম্মদ বশির এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

প্রতিবেদনে বলা হয়, আজ দুর্নীতির মামলায় শুনানিতে নওয়াজ শরিফের আদালতে হাজির কথা ছিল। কিন্তু স্ত্রীর ক্যানসারের চিকিৎসার কারণে তিনি এখন লন্ডনে অবস্থান করছেন। এ কারণে তাঁর আইনজীবী নওয়াজকে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। কিন্তু আদালত ওই আবেদন খারিজ করে নওয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আগামী ৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

নওয়াজ শরিফের আইনজীবী জাফির খান বলেন, দুর্নীতির দুটি মামলায় এনএবি আদালত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের আইনে পরবর্তী শুনানির আগে জামিনের আবেদন মঞ্জুর না হলে লন্ডন থেকে দেশে ফিরলেই নওয়াজকে গ্রেপ্তার করা হতে পারে। অর্থ পাচারের অভিযোগে দুর্নীতির তিনটি মামলা চলছে নওয়াজের বিরুদ্ধে।

এর আগে গত ২৮ জুলাই দুর্নীতির অভিযোগে দেশটির সর্বোচ্চ আদালত নওয়াজ শরিফে অযোগ্য ঘোষণা করেন। এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন নওয়াজ।

পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্যে জানা যায়, নওয়াজ (৬৭) ও তাঁর পরিবারের সদস্যরা বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছেন। এ অভিযোগের তদন্ত করতে আদালতের নির্দেশে যৌথ তদন্ত দল (জেআইটি) গঠন করা হয়। জেআইটির তদন্ত প্রতিবেদনে বলা হয়, নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যরা তাঁদের নামে থাকা বিপুল পরিমাণ সম্পদের উৎস জানাতে ব্যর্থ হয়েছেন। তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আদালত নওয়াজকে প্রধানমন্ত্রী পদে অযোগ্য ঘোষণা করে রায় দেন। নওয়াজ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছিলেন আদালত।