নওয়াজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ আদালতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওয়াজ শরিফ
নওয়াজ শরিফ

পানামা পেপারস কেলেঙ্কারি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াতে ইসলামিসহ কয়েকটি দলের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত দিলেন আদালত।
এদিকে আদালতের সিদ্ধান্তের পর ইমরান খান তাঁর পূর্বঘোষিত ‘ইসলামাবাদ অচল’ কর্মসূচি বাদ দিয়ে ‘ধন্যবাদ জ্ঞাপন’ সমাবেশের ঘোষণা দিয়েছেন।
এর আগে ‘ইসলামাবাদ অচল’ কর্মসূচি নিয়ে সংঘর্ষের জেরে দুই ব্যক্তি মারা যান। ইসলামাবাদে প্রবেশের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ইমরানের ওই দুই সমর্থক নিহত হন।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল দেওয়া রায়ে নওয়াজ শরিফের মুসলিম লিগ এবং ইমরানের পিটিআইকে তাঁদের পক্ষে তথ্য-উপাত্ত আদালতে উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। এর ভিত্তিতেই পানামা কেলেঙ্কারি নিয়ে তদন্তের জন্য কমিশন গঠন করা হবে।
প্রধান বিচারপতি আনোয়ার জাহির জামালির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বলেছেন, কমিশন গঠনের ব্যাপারে যদি পিটিআই ও মুসলিম িলগ কোনো ধরনের ঐকমত্যে আসতে না পারে তবে আদালত নিজেই কমিশনের কার্যপরিধি এবং অন্যান্য বিষয় নির্ধারণ করবেন। এ ছাড়া প্রধান বিচারপতি উভয় পক্ষকে সহনশীল হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।
পিটিআইয়ের আইনজীবী বলেন, আদালত বলেছেন, কমিশন গঠন করার পর সেটি সুপ্রিম কোর্টের কাছে প্রতিবেদন দেবেন। এ-সংক্রান্ত শুনানি আগামীকাল ৩ নভেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।
আদালতের এই সিদ্ধান্তের পর পিটিআইয়ের বিক্ষোভ সমাবেশ উৎসবে রূপ নেয়। আজ বুধবার ‘ইসলামাবাদ অচল’ কর্মসূচির বদলে ‘ধন্যবাদ জ্ঞাপন’ সমাবেশ হবে।