নওয়াজের ভাই শাহবাজ হবেন দলীয় প্রধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহবাজ শরিফ
শাহবাজ শরিফ

ক্ষমতাসীন পাকিস্তান মুসিলম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের নতুন প্রেসিডেন্ট হবেন সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ। সম্প্রতি দুর্নীতির দায় নিয়ে নওয়াজ শরিফ প্রধানমন্ত্রীর পদ হারান। ওই শূন্য আসনে সংসদীয় উপনির্বাচনে তাঁর ভাই লড়বেন না। দলটির বিভিন্ন সূত্র এসব কথা নিশ্চিত করেছে।

গত মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) পিএমএল-এনের দলীয় প্রধানের পদে নতুন একজনকে নিয়োগ দেওয়ার নোটিশ দেয়। এর পরপরই শাহবাজই যে পিএমএল-এনের নতুন প্রেসিডেন্ট হচ্ছেন, তা প্রায় নিশ্চিত করেন দলটির জ্যেষ্ঠ নেতা রাজা জাফরুল হক। প্রসঙ্গত, পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় দুর্নীতির দায় মাথায় নিয়ে প্রধানমন্ত্রীর পদ হারানোর দুই সপ্তাহ পার হতে না হতেই দলটির শীর্ষ পদও হারানোর মুখে পড়েন নওয়াজ শরিফ।

বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজা জাফরুল হক বলেন, দলে নওয়াজ শরিফের আসনে বসবেন শাহবাজ শরিফ। দলটির বেশির ভাগ সদস্য এমনটা চান। তিনি বলেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই সিদ্ধান্তের কথা শিগগিরই ঘোষণা করা হবে। পিএমএল-এনের এই নেতা স্মরণ করিয়ে দেন, জেনারেল (অব.) পারভেজ মোশাররফের আমলে যখন নওয়াজ শরিফ বিমান হাইজ্যাকিং মামলায় দোষী সাব্যস্ত এবং রাজনীতি করার অযোগ্য বিবেচিত হন, তখনো শাহবাজ শরিফ দলের প্রেসিডেন্ট হয়েছিলেন।

 লাহোরে পিএমএল-এনের জ্যেষ্ঠ এক নেতা বলেছেন, নওয়াজ শরিফের সরে যাওয়ায় ন্যাশনাল অ্যাসেম্বলির শূন্য আসনে শাহবাজ শরিফ লড়বেন না। আগামী বছরের মাঝামাঝি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত শহিদ খাকান আব্বাসিই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী থাকবেন।

ঘরে ফেরার শোভাযাত্রা: এদিকে জনসমর্থন বাড়ানোর উদ্দেশ্যে নওয়াজ শরিফ গতকাল বুধবার সকালে রাজধানী ইসলামাবাদ থেকে দুদিনব্যাপী এক মোটর শোভাযাত্রা নিয়ে নিজের শহর লাহোরের উদ্দেশে রওনা দেন।