নগ্ন হয়ে মোটরসাইকেল চালিয়ে শ্রীঘরে
বন্ধুদের সঙ্গে বাজি ধরে ব্যস্ত রাস্তায় নগ্ন হয়ে মোটরসাইকেল চালিয়েছিলেন পাকিস্তানের লাহোরের এক যুবক। এজন্য তাঁকে আটক করেছে পুলিশ। এছাড়া তাঁর বিরুদ্ধে অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালানো এবং ট্রাফিক আইন ভাঙারও অভিযোগও আনা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত শুক্রবার লাহোরের মূল সড়কে প্রথম এ কাণ্ড ঘটান ২০-বছর বয়সী শেহরোজ খান। তাঁর এ কাণ্ডের ভিডিও সেদিন ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। পরদিন শনিবার আবারও এ কাজ করতে যান তিনি। কিন্তু ওই দিন ওই রাস্তার সবদিক বন্ধ করে দিয়ে তাঁকে আটক করে পুলিশ। পুলিশ কর্মকর্তা জুলফিকার বাট বলেন, শেহরোজের অপরাধগুলো জামিনযোগ্য। তবে এখন তিনি পুলিশ হেফাজতেই আছেন।
শেহরোজের ডাক নাম ‘রকেট’। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ওই ঘটনায় দেখা যায়, লাহোরে সিটি সেন্টারের সামনে মোটরসাইকেলে নিয়ে কারসাজি দেখাচ্ছেন তিনি। এ সময় তাঁর বন্ধুদের মোটরসাইকেল নিয়ে উল্লাস করতে দেখা যায়।