নতুন জীবনের খোঁজে 'সবুজ চোখের মেয়েটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের সেই পুরনো ছবির পাশে শরবত গুলা l বিবিসি
নিজের সেই পুরনো ছবির পাশে শরবত গুলা l বিবিসি

ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর কল্যাণে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শরবত গুলা শরণার্থী হিসেবে পাকিস্তানে থেকেছেন দীর্ঘ ৩৫ বছর। সেই ‘সবুজ চোখের মেয়ে’ অনেক বছর পর সম্প্রতি আবার খবর হন অবৈধভাবে পাকিস্তানি পরিচয়পত্র জোগাড়ের দায়ে গ্রেপ্তার হয়ে। শরণার্থী জীবনের কষ্ট আর বিড়ম্বনার পাহাড় পেরিয়ে আজকের পরিণত নারী সেই শরবত গুলা দেশে ফিরে এখন নতুন জীবন শুরুর আশা করছেন।

আপাতত শরবত গুলার নিবাস আফগানিস্তানের রাজধানী কাবুলে। পাঁচ বছর বয়সী ছেলে এবং তিন মেয়েকে নিয়ে এক বাসায় থাকেন। তিনি বললেন, বহু বছর দুঃখ-কষ্টের জীবন কাটিয়েছেন। এবার স্বাভাবিক জীবন কাটাতে চান।

১৯৮৫ সালে বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে ছবি ছাপা হওয়ার পর বিশ্বজুড়ে পরিচিতি পান শরবত গুলা। তাঁর ১০ বছর বয়সের সেই ছবিটি আফগান যুদ্ধের শরণার্থীদের প্রতীকে পরিণত হয়েছিল। স্টিভ ম্যাককারি পাকিস্তানের শরণার্থীশিবিরে বিখ্যাত ওই ছবিটি তুলেছিলেন।

যুদ্ধকবলিত আফগানিস্তানের আরও অসংখ্য মানুষের মতো পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিলেন শরবত। কিন্তু পাকিস্তানি কর্তৃপক্ষ তাঁকে সম্প্রতি কারাবন্দী করে এবং একপর্যায়ে দেশে ফেরত পাঠায়। ‘অবৈধ উপায়ে’ পাকিস্তানি নাগরিকের পরিচয়পত্র জোগাড় করার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। 

শরবত গুলা বলেন, পাকিস্তানে তাঁদের ভালোই সময় কেটেছিল। প্রতিবেশীরা ভালো ছিল। নিজের পশতুন সম্প্রদায়ের মানুষদের সঙ্গেই থেকেছেন সেখানে। ভাবতেও পারেননি শেষদিকে পাকিস্তান এমন আচরণ করবে।

শরবত এখন অসুস্থ ও দুর্বল। তাঁর এখনো আকর্ষণীয় চোখ দুটিতে ভয় ও আশা—দুই-ই আছে। পাকিস্তানে যে বাড়িতে থাকতেন, সেটা বিক্রি করে দিয়েছেন। বসবাসের বৈধ কাগজপত্র তাঁর কাছে ছিল না। তাই গ্রেপ্তার আতঙ্কে ছিলেন। মনস্থির করেছিলেন, আফগানিস্তানে ফিরে যাবেন। কিন্তু তার মাত্র দুই দিন আগেই পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়।

শরবত ১৫ দিন কারাভোগ করেছেন। প্রথম সপ্তাহ কারাগারে থাকার পর দ্বিতীয় সপ্তাহ হাসপাতালে থাকতে হয় তাঁকে। হেপাটাইটিস সি-তে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে পাকিস্তান একপর্যায়ে শরবতকে সে দেশে থেকে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করে বলেন, ‘আমি নিজের দেশে ফিরতে চাই। তোমরা আমাকে ৩৫ বছর আশ্রয় দিয়ে শেষমেশ এমন আচরণ করলে! যথেষ্ট হয়েছে।’

শরবত গুলার ছয় সন্তানের কারও চোখই সবুজ নয়। তাঁর নানির চোখের রং এ রকম ছিল। শরবতের বিয়ে হয় মাত্র ১৩ বছর বয়সে। স্বামী রহমত গুল বছর পাঁচেক আগে পাকিস্তানের পেশোয়ারেই মারা যান। তাঁরও হেপাটাইটিস সি হয়েছিল। শরবতের বড় মেয়েটির মৃত্যুর কারণও একই।

দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন শরবত গুলা। তাঁকে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি নিজ প্রাসাদে ডেকেছিলেন। সরকার তাঁকে আর্থিক সহায়তা এবং কাবুলে একটি বাড়ি দেবে। শরবতের এখন একটা স্বপ্ন আছে। তা হলো দরিদ্র, বিধবা ও এতিমদের জন্য একটা দাতব্য হাসপাতাল করবেন।