নতুন পরমাণু প্রকল্পের দিকে যাচ্ছে পাকিস্তান?
পাকিস্তান পরমাণু কর্মসূচির জন্য নতুন কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে তথ্য দিয়েছেন পশ্চিমা বিশ্লেষকেরা। বাণিজ্যিক উপগ্রহের তোলা চিত্র বিশ্লেষণ করে তাঁরা এ ধারণা করছেন।
এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস থেকে প্রাপ্ত ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর এবং চলতি বছরের ১৮ এপ্রিলের উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আইএইচএস জেন’স ইন্টেলিজেন্সের বিশেষজ্ঞরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।
বিশেষজ্ঞরা এক বার্তায় বলেছেন, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের ৩০ কিলোমিটার পূর্বে কাহুটা এলাকায় নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা নির্মাণের তোড়জোড় চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা বলে ধারণা হওয়া অংশটি খান রিসার্চ ল্যাবরেটরির কাছে প্রায় ১ দশমিক ২ হেক্টর জায়গার ওপর। এটি কঠোর নিরাপত্তাব্যবস্থার আওতায় রয়েছে। সেখানকার কাঠামোগুলোর ধরন অনেকটা পরমাণু জ্বালানি কোম্পানি ইউরেনকোর তৈরি করা কাঠামোর মতো। ইউরেনকো ইউরোপে বিভিন্ন পরমাণু-বিষয়ক স্থাপনা তৈরি করেছে।
পাকিস্তান ১৯৯৮ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায়। ধারণা করা হয়, দেশটিতে ১২০টির মতো পারমাণবিক অস্ত্র মজুত রয়েছে, যা ভারত, উত্তর কোরিয়া ও ইসরায়েলের চেয়ে বেশি।