নবম শ্রেণিতে উপস্থিত সবাই শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলের ভেতরের এই দৃশ্যই বলে দেয়, সেখানে ভয়ংকর তাণ্ডব বয়ে গেছে। ১৬ ডিসেম্বর স্কুলটিতে তালেবানের হামলায় ১৩২ জন শিশু নিহত হয়েছে। ছবি: রয়টার্স
পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলের ভেতরের এই দৃশ্যই বলে দেয়, সেখানে ভয়ংকর তাণ্ডব বয়ে গেছে। ১৬ ডিসেম্বর স্কুলটিতে তালেবানের হামলায় ১৩২ জন শিশু নিহত হয়েছে। ছবি: রয়টার্স

পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনীর পরিচালিত স্কুলে গত মঙ্গলবার তালেবানের ভয়াবহ আত্মঘাতী হামলায় নবম শ্রেণির উপস্থিত সব শিক্ষার্থী নিহত হয়েছে। রক্ষা পেয়েছে কেবল স্কুলে না যাওয়া একটি ছেলে।
পাকিস্তানের ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ পত্রিকার প্রতিবেদনে এ দাবি করা হয়। পত্রিকাটির ভাষ্য, হামলার দিন নবম শ্রেণির এক ছাত্র স্কুলে আসেনি। তাই সে রক্ষা পেয়েছে। ১৫ বছর বয়সী ওই স্কুলছাত্রের নাম দাউদ ইব্রাহিম।
হামলার সময় পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ৫০০ জন শিক্ষার্থী ছিল। তাঁদের মধ্যে ১৩২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২৫ জন। এ ছাড়া এই হামলায় নয়জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীও নিহত হয়েছেন।
নিহত অধিকাংশই মারা যায় আত্মঘাতী বোমার বিস্ফোরণে। পরে নিরাপত্তা বাহিনীর অভিযানে সব হামলাকারী নিহত হয়।
হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানায়, অনেককে সারিতে দাঁড় করিয়ে খুব কাছ থেকে গুলি করেছে হামলাকারীরা।
তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই হামলার দায় স্বীকার করেছে। জঙ্গি সংগঠনটির এক মুখপাত্র বলেছেন, শিশুদের বাদ দিয়ে বড় শিক্ষার্থীদের হত্যা করতে হামলাকারীদের নির্দেশ দেওয়া হয়েছিল।
এ হত্যাযজ্ঞকে ‘জাতীয় ট্র্যাজেডি’ আখ্যায়িত করে গতকাল বুধবার থেকে দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।