নারী সুরক্ষা আইনে সমর্থন পাকিস্তানের ধর্মীয় নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে সম্প্রতি জারি করা নারী সুরক্ষা আইনে প্রথমবারের মতো দেশটির এক ধর্মীয় নেতা সমর্থন দিয়েছেন। আইনটি পাস হওয়ার পর থেকেই ধর্মীয় ও কয়েকটি রক্ষণশীল রাজনৈতিক দলের নেতারা এর বিরোধিতা করে আসছিলেন। খবর ডনের।
সম্প্রতি পাঞ্জাবে প্রথমবারের মতো নারীর প্রতি সহিংসতা নির্মূলে ‘পাঞ্জাব প্রোটেকশন অব উইমেন এগেইন্সট ভায়োলেন্স অ্যাক্ট ২০১৬’ নামের আইনটি পাস হয়। এর সমর্থনে গত সোমবার পাকিস্তান উলেমা কাউন্সিলের (পিইউসি) হাফিজ মোহাম্মদ তাহির আশরাফি বলেন, যাঁরা মেয়েশিশুদের শিক্ষা নিষিদ্ধের পক্ষে কথা বলেন, তাঁদের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, কিছু মানুষ অজ্ঞতা থেকে কথা বলছেন। তবে নারী সুরক্ষা আইনটি নারীর প্রতি সহিংসতা বন্ধে সহায়তা করবে। তাহির আশরাফি বলেন, এই আইন পারিবারিক ব্যবস্থা নষ্ট করবে বলে কিছু ধর্মীয় নেতা যা বলে বেড়াচ্ছেন, তা ঠিক নয়।
এই আইনের বিরোধিতা না করে ভালো পরামর্শ নিয়ে এগিয়ে আসার জন্য আইনটির বিরোধিতাকারীদের প্রতি আহ্বান জানান তিনি।
আশরাফি বলেন, ‘নারী শিক্ষার বাস্তবায়নে ধর্মীয় নেতাদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাব আমি। যৌতুক বা এ ধরনের সামাজিক সমস্যা দূর করতে শিক্ষার ভূমিকা যথেষ্ট।’