নারীদের ভোট না দিতে দেওয়ায় ফল বাতিল
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্থানীয় নির্বাচনে নারীদের ভোট দিতে বাধা দেওয়ার কারণে নির্বাচন কমিশন এর ফল বাতিল করেছে। রক্ষণশীল হিসেবে পরিচিত খাইবার পাখতুনওয়া (কেপি) প্রদেশের লোয়ার দির জেলায় গত ৭ মে ওই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। খবর এএফপির।
নির্বাচনে ইসলামপন্থী জামায়াতে ইসলামীর (জেআই) প্রার্থী জয়লাভ করেন। অভিযোগ ওঠে, নারীদের ওই নির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি। এরপর সুশীল সমাজ এবং নারী অধিকার সংগঠনগুলোর অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন গত মঙ্গলবার ফলাফল বাতিল করে। এক ঘোষণায় বলা হয়, আইন অনুযায়ী নতুন নির্বাচনের সময় জানানো হবে।
নারী অধিকার কর্মীরা নির্বাচন কমিশনের এই ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।
নির্বাচনী এলাকাটির সাবেক কাউন্সিলর এবং নারী অধিকার কর্মী শাদ বিবি বলেন, ‘নারীদের নির্বাচনে ভোট না দিতে দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌখিক সমঝোতা হয়েছিল। এখন নির্বাচন কমিশন ফল বাতিল করে দেওয়ায় আমরা খুশি। তবে পরবর্তীকালে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন আরও ভালোভাবে করতে হবে যাতে নারীরা ভোট দিতে পারে।’
তবে নির্বাচনে বিজয়ী জামায়াত নেতা আজিজ-উল-মুলক আফকারি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তিনি এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা দিয়েছেন। আজিজ আফকারি বলেন, ‘নারীদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে কোনো সমঝোতা হয়নি। নির্বাচন কমিশন কীভাবে এই সিদ্ধান্ত নিল? ’
আওয়ামী ন্যাশনাল পার্টির প্রার্থী বাহাদুর খানও এমন অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আগে এমন চুক্তি হয়েছিল, তবে এবারের নির্বাচনে এমনটা হয়নি।
নারীদের ভোট দিতে বাধা দেওয়ায় নির্বাচনের ফল বাতিলের ঘটনা পাকিস্তানে এবারই প্রথম নয়। ২০১৩ সালে কেপি প্রদেশের একটি উপনির্বাচনের ফল স্থগিত করে দেন স্থানীয় আদালত।