নিন্দায় পুরো জাতির এক হওয়া উচিত: নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শনিবার বিকেলে তিনি বলেন, ‘এই অপরাধের নিন্দায় পুরো জাতির এক হওয়া উচিত।’
খাইবার পাখতুনখাওয়ার মারদানে অবস্থিত আবদুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাশাল খানকে (২৩) ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার ক্যাম্পাস হোস্টেলের দোতলা থেকে ফেলে দিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আবদুল্লাহ নামের আরেক শিক্ষার্থী গুরুতর আহত হন। অনলাইনে ধর্মীয় অবমাননাকর কথা লেখার অভিযোগ তোলা হয়েছিল তাঁদের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বলেন, ‘যারা আইন নিজের হাতে তুলে নেয়, রাষ্ট্র তাদের কিছুতেই প্রশ্রয় দেবে না।’
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা সাবেক ক্রিকেটার ইমরান খান গত শুক্রবার এই ঘটনার নিন্দা জানিয়ে এক টুইট বার্তায় বলেন, দেশে ‘জঙ্গলের আইন চলতে পারে না।’
খবরে বলা হয়, আগে থেকে ওই দুই শিক্ষার্থীর বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। সম্ভবত গুজবের ভিত্তিতে ক্ষুব্ধ হয়ে বেশ কিছু শিক্ষার্থী তাঁদের ওপর চড়াও হন।
পাকিস্তানের ধর্মীয় নেতারা সম্প্রতি অনলাইনে ধর্মীয় অবমাননাকর লেখালেখির বিরুদ্ধে বিক্ষোভ করেন।
এদিকে, শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার কড়া সমালোচনা করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা নিজেরাই ইসলামের বদনাম করছি।’
গত শুক্রবার খাইবার পাখতুনখাওয়ার আইন পরিষদে মুখ্যমন্ত্রী পারভেজ খাট্টাক বলেন, শিক্ষার্থী মাশাল খানের বিরুদ্ধে কোনো ধর্ম অবমাননার প্রমাণ পাওয়া যায়নি। মাশালকে হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের বিষয়টি অনুমোদন দিয়েছেন মুখ্যমন্ত্রী খাট্টাক।