নির্বাচনী সংস্কার নিয়ে প্রাথমিক মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পদত্যাগের দাবিতে বিক্ষোভরত দুই দল পিটিআই ও পিএটির সঙ্গে সরকার ও বিরোধী কয়েকটি দলের ঐক্যবদ্ধ সমঝোতার প্রচেষ্টা চলছে। এ নিয়ে গতকাল শুক্রবার পার্লামেন্টে আলোচনা হয়েছে। নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কার এবং একটি বিচার বিভাগীয় কমিশন প্রতিষ্ঠার ব্যাপারে পিটিআইয়ের প্রস্তাবে দুই পক্ষ আপাতত একমত হয়েছে। খবর রয়টার্স ও ডনের।
প্রবল বৃষ্টির কারণে গতকাল রাজধানী ইসলামাবাদের বিক্ষোভস্থলে লোকজনের উপস্থিতি কম ছিল। বিক্ষোভের দুই নেতা ইমরান খান ও তাহির উল-কাদরি এখন রাজনৈতিক সমাধানের লক্ষ্যে সরকারের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রী গতকাল পার্লামেন্টে বলেন, তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন। ইমরানের ছয়টি দাবির মধ্যে প্রধান দুইটি হচ্ছে নওয়াজ শরিফের পদত্যাগ এবং নির্বাচনী প্রক্রিয়ায় সংস্কারের মাধ্যমে নতুন নির্বাচন অনুষ্ঠান। সরকার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
ইমরান ও তাহির তাঁদের দাবি আদায়ের ব্যাপারে অনমনীয় অবস্থানে রয়েছেন। তাই এ মুহূর্তে সব দলের জন্য গ্রহণযোগ্য সমাধান কী হবে, তা অস্পষ্ট। ধারণা করা হচ্ছিল, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি থেকে বিক্ষোভকারীরা সরে আসবেন। ক্ষমতাসীন দলের নেতা পরিকল্পনা ও উন্নয়নমন্ত্রী আহসান ইকবাল বলেন, ‘বিক্ষোভকারীদের ছয়টি দাবির মধ্যে পাঁচটিই মেনে নিয়েছে সরকার। অবশিষ্ট একটি দাবি (প্রধানমন্ত্রীর পদত্যাগ) অযৌক্তিক এবং এ ব্যাপারে কোনো আলোচনা হতে পারে না।’
গত মাসের মাঝামাঝি রাজনৈতিক সংকট শুরু হওয়ার পর থেকে পাকিস্তানের পরিস্থিতি বেশ কয়েকটি নাটকীয় মোড় নিয়েছে। বিশ্লেষকদের অনেকে বলছেন, সমঝোতার ব্যাপারে শিগগিরই কিছু বলার উপায় নেই। সামরিক বাহিনী অস্থিতিশীলতার জন্য উসকানি দিচ্ছে বলে ক্ষমতাসীন দল পিএমএল-এনের কয়েকজন নেতা অভিযোগ করেছিলেন। তবে সেনাবাহিনী এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।
জিনপিংয়ের সফর বাতিল: ইসলামাবাদে চলমান বিক্ষোভের পরিপ্রেক্ষিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাকিস্তানে তাঁর আসন্ন সফর বাতিল করেছেন। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজ।