নির্বাচনে 'কারচুপি' হয়েছে বলে নওয়াজের অভিযোগ

নির্বাচনে ‘কারচুপি’ হয়েছে এবং নির্বাচনের ফল ‘কলঙ্ক ও সন্দেহজনক’ বলে মন্তব্য করেছেন কারাবন্দী নওয়াজ শরিফ। পাকিস্তানের নির্বাচনের ফল নিয়ে গতকাল বৃহস্পতিবার দলের নেতাদের কাছে প্রথম এ প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) কারাবন্দী নেতা নওয়াজ শরিফ।
গত বুধবার পাকিস্তানের জাতীয় নির্বাচনে ভোট নেওয়া হয়। শুরু থেকেই এ নির্বাচনে সেনা হস্তক্ষেপের অভিযোগ ওঠে। বলা হচ্ছে, সেনাবাহিনীর সমর্থন ও হস্তক্ষেপে সাবেক ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফের জয়ের পথ সুগম হয়েছে।
দুর্নীতির মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত নওয়াজ শরিফ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন।
আজ শুক্রবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে জানানো হয়, নির্বাচন শেষে গতকাল তাঁর সঙ্গে কারাগারে দেখা করতে যান তাঁর ভাই দলের বর্তমান প্রধান শাহবাজ শরিফ। তাঁর সঙ্গে আরও ছিলেন পাখতুনখাওয়ার গভর্নর ইকবাল জাফর ঝাগড়া, মেয়ে মরিয়ম নওয়াজের ছেলে জুনায়েদ সাফদার, মাহনুর সাফদার ও মেয়ে মেহারুন নিসা, মেহারুনের স্বামী রাহিল মুনির, সাবেক মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব, সিনেটর মুসাদ্দিক মালিক ও দলের গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মদ মেহদি।
নির্বাচন-পরবর্তী ইস্যুতে পরে ভাই শাহবাজের সঙ্গে একা কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। আধা ঘণ্টারও বেশি সময় ধরে তাঁরা আলোচনা করেন।
তাঁর সঙ্গে দেখা করতে যাওয়া একাধিক নেতা বলেন, নির্বাচনকে ‘কলঙ্ক ও সন্দেহজনক’ উল্লেখ করে তা দেশের রাজনীতির ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে সতর্ক করেছেন নওয়াজ। ফয়সালাবাদ, লাহোর ও রাওয়ালপিন্ডির ফল প্রত্যাখ্যান করে তিনি বলেন, ওই তিনটিতে তাঁর দলের প্রার্থীদের শক্ত অবস্থান ছিল। এরপরও তাঁদের পরাজিত ঘোষণা করা হয়েছে।
তাঁর মতে, ২০১৩ সালের নির্বাচনের চেয়েও এবার ইমরান খানের অবস্থা দুর্বল ছিল।
গতকাল কারাগারে নওয়াজ শরিফের ব্যক্তিগত চিকিৎসক তাঁর সঙ্গে দেখা করেছেন। তবে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তারিক ফাতেমি এবং পাকিস্তান ইলেকট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থার সাবেক চেয়ারম্যান আবসার আলম দেখা করার অনুমতি পাননি।
দর্শনার্থীদের জন্য নওয়াজ, তাঁর মেয়ে ও জামাতাকে কারাগার কক্ষ থেকে কনফারেন্স হলে আনা হয়। একই সময়ে নওয়াজের স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ডের সদস্যরা সেখানে আসেন। দলের নেতা ও স্বজনদের সঙ্গে নওয়াজের সাক্ষাৎ থাকায় মেডিকেল বোর্ড এক ঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যায়। নওয়াজ শরিফ কিডনি ও হৃদ্রোগে ভুগছেন। তবে চিকিৎসার জন্য হাসপাতালে যেতে তিনি অস্বীকৃতি জানিয়েছেন।
পাকিস্তানের জবাবদিহি আদালত ৬ জুলাই অ্যাভেনফিল্ড দুর্নীতি মামলায় নওয়াজকে ১০ বছরের সাজা দেন। একই মামলায় নওয়াজের মেয়ে মরিয়ম নওয়াজকে সাত বছর ও তাঁর স্বামী ক্যাপ্টেন (অব.) সফদারকে এক বছর কারাদণ্ডাদেশ দেওয়া হয়। তিনজনই এখন কারাগারে। ১৩ জুলাই লন্ডন থেকে নিজ শহর লাহোরে ফেরার পর নওয়াজ ও মরিয়মকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।
২০১৬ সালে পানামা পেপারসে লন্ডনের অভিজাত এলাকা পার্ক লেনে অ্যাভেনফিল্ড হাউসে নওয়াজ শরিফের চারটি বিলাসবহুল ফ্ল্যাট থাকার তথ্য ফাঁস হয়। পানামা পেপারস কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় নওয়াজ শরিফকে। দেশের সর্বোচ্চ আদালত তাঁকে অযোগ্য ঘোষণা করেন। আদালত তাঁকে রাষ্ট্রীয় যেকোনো পদে আজীবন নিষিদ্ধ ঘোষণা করেন। পরে আদালতের রায়ে দলীয় প্রধানের পদও ছাড়তে হয় নওয়াজকে।