নির্বাচনের ফল বর্জন না করলেও প্রশ্ন তুলেছে পিপিপি

নির্বাচনের ফলাফল বর্জন না করলেও নির্বাচন প্রক্রিয়াকে ‘প্রশ্নবিদ্ধ’ বলেছে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দেশটির নির্বাচন কমিশন যথাযথভাবে দায়িত্ব পালনে ‘ব্যর্থ’ হয়েছে বলে মনে করছে দলটি। তবে যৌথ সরকার গঠনের প্রয়োজন হলে দলটি সাড়া দেবে কি না, এ বিষয়ে কোনো মন্তব্য করেননি দলের নেতারা।
গত বুধবার পাকিস্তানে জাতীয় নির্বাচনে ভোট হয়েছে। এবার ক্ষমতায় বসতে যাচ্ছে ক্রিকেট তারকা ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। নির্বাচনী ফলাফল অনুসারে এই দলের সঙ্গে অন্য দলগুলোর ভোটের ব্যাপক ব্যবধান রয়েছে। বলা হয়, নির্বাচনে সেনাবাহিনীর হস্তক্ষেপ ও সমর্থন ছিল দলটির প্রতি।
আজ শুক্রবার পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন-এর অনলাইন সংস্করণে বলা হয়, নির্বাচন ইস্যুতে গতকাল বৃহস্পতিবার পিপিপির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বর্তমানে সিনেটের বিরোধ দল পিপিপির জ্যেষ্ঠ নেতা শেরি রহমান বলেন, ‘এখনই নির্বাচনের ফল গ্রহণ বা প্রত্যাখ্যানের বিষয়ে তাড়াহুড়ো করে মন্তব্য করার কিছু নেই। আমরা এর মধ্যে নির্বাচন ও ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছি। এর আগেও কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন-পূর্ববর্তী জালিয়াতি নিয়ে আমার সোচ্চার ছিলাম। নির্বাচনের কয়েক দিন আগেও সিনেটে বিষয়টি তুলেছিলাম।’
তিনি ভোটে অব্যবস্থাপনার তথ্য তুলে ধরে বলেন, দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির আসনগুলোতে কোনো কারণ ছাড়াই ফল ঘোষণায় দেরি করা হয়েছে। এসব ঘটনা নির্বাচনকে চরমভাবে বিতর্কিত করে তুলতে পারে।
নির্বাচন বিষয়ে আজ দলটির বৈঠক রয়েছে বলে জানা গেছে। এতে দলের চেয়ারম্যান বিলাওয়াল ও কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি থাকবেন।