নিষিদ্ধ প্রেমের পলায়নপর জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় বলে, প্রেম মানে না শাসন-বারণ। শুনে না কারও কথন। ধর্ম-বর্ণ-গোত্র সবকিছুই তুচ্ছ হয়ে যায় প্রেমের কাছে। গুরুজনের আপত্তি আর বাধা-নিষেধ উপেক্ষা করে মনের মানুষকে পাওয়ার আশায় মানুষ কত কিছুই না করে। যেমনটি করে নিজেদের জীবনকে হুমকির মুখে ফেলেছেন পাকিস্তানের কুলসুম বিবি ও ইউসুফ ভাটি দম্পতি।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ১৩ বছর আগে পাকিস্তানের লাহোরের এক পোশাক কারখানায় কাজ করতে গিয়ে প্রেমে পড়েন মুসলিম পরিবারের কুলসুম ও খিষ্ট্র ধর্মাবলম্বী ইউসুফ। বর্তমানে তিন সন্তান নিয়ে পলায়নপর অনিশ্চিত জীবনযাপন করছেন এই দম্পতি।

নিজেদের জীবনের দুর্ভোগের কথা বলতে গিয়ে এই দম্পতি জানান, সমাজের লোকজন তাঁদের ত্যাগ করেছে। উগ্রপন্থীরা তাঁদের জীবননাশের হুমকি দিচ্ছে। কখনো কখনো আসে অপহরণের হুমকিও।

নিজের সম্প্রদায়ের বাইরের কাউকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়াকে পাকিস্তানে একধরনের নিষিদ্ধ বিষয় হিসেবে বিবেচনা করা হয়। কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাঁকে ধর্ম অবমাননার অভিযোগে অভিযুক্ত হতে হবে। যাবজ্জীবন কারাদণ্ডাদেশ তাঁর সর্বোচ্চ শাস্তি।

কুলসুম জানান, বিয়ের আগে তিনি স্বেচ্ছায় ধর্ম পরিবর্তন করে খ্রিষ্টধর্ম গ্রহণ করেন। তবে বিষয়টি তিনি তাঁর পরিবারের কাছে গোপন করেছেন। ইউসুফকে বিয়ে করার পর থেকে তাঁর মা স্বামীকে ছেড়ে দেওয়ার জন্য তাগাদা দিতে থাকেন। কুলসুম বলেন, ‘তিনি যদি জানতেন আমি খ্রিষ্টান হয়েছি; তাহলে আরও আগেই এই শোকে মারা যেতেন। কিংবা পরিবারকে বলতেন, আমাকে হত্যা করতে।’

ইউসুফ-কুলসুম দম্পতি জানালেন, তাঁরা এমন একটি সমাজে বাস করতে চান, যেখানে সবাই তাঁদের পছন্দকে সম্মান ও সমর্থন করবে। কিন্তু এমনটা হয় না। সমাজের লোকজন হত্যার হুমকি দিলে তাঁরা বিয়ের পর পালিয়ে যেতে বাধ্য হন। তাঁরা পালিয়ে গিয়ে ইসলামাবাদে ছিলেন কয়েক মাস। সেখানেই তাঁদের ছেলের জন্ম।

বিয়ের পরের ভয়ংকর ঘটনা স্মরণ করে ইউসুফ বলেন, ‘বিয়ের পর পর চারজন মুসলিম উগ্রপন্থী আমাকে তুলে নিয়ে যায়। কয়েক দিন বন্দী করে রাখে। তারা জানতে চায়, আমি কেন আমার স্ত্রীকে বিয়ে করেছি। তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। তবে আমি যখন জানাই, আমার স্ত্রী স্বেচ্ছায় আমাকে বিয়ে করেছে, আমি তাকে জোর করিনি। কয়েক দিন পর তারা আমাকে ছেড়ে দেয়।’

ইউসুফ-কুলসুমের মতো পাকিস্তানে অনেক দম্পতি আছে, যারা আন্তধর্মীয় বিয়ে করে সমাজের হুমকিতে আছে।
হিউম্যান রাইটস ফোকাস পাকিস্তানের (এইচআরএফপি) সভাপতি নাভিদ ওয়াল্টার যেমনটা বলছিলেন, ‘এ ধরনের ভুক্তভোগীর সংখ্যা আরও বেশি হবে। আন্তধর্মীয় বিয়ের ক্ষেত্রে পুরো সমাজ মিলে আক্রমণাত্মক হয়ে ওঠে।’

গত চার বছরে এ ধরনের ১০ হাজারের মতো বিয়ের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তানের ফৌজদারি আইনে ইসলাম ধর্ম ত্যাগের বিষয়ে কোনো কিছু বলা নেই। তবে ধর্ম অবমাননাবিষয়ক আইনে এর শাস্তি হিসেবে যাবজ্জীবনের কথা বলা হয়েছে। ফলে সার্বিক বিষয় নিয়ে এ ধরনের বিয়েতে আবদ্ধ দম্পতিরা বেশ শঙ্কা আর আতঙ্কে থাকেন।