নেকলেস রহস্যের জট খুলেছে
পাকিস্তানের বন্যাদুর্গতদের সাহায্য করতে নিজের গলার হার খুলে দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী। কিন্তু ঘটনাচক্রে হাওয়া হয়ে যায় সেই হারটি। পাঁচ বছর পর সেই হার-রহস্যের জট খুলছে। জানা গেছে, সেটি আছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে।
২০১০ সালে পাকিস্তান সফরে আসেন এরদোয়ান ও তাঁর স্ত্রী। দেশটির প্রধানমন্ত্রী তখন ইউসুফ রাজা গিলানি। পাকিস্তানে তখন ভয়াবহ বন্যা চলছে। দুর্গতদের দুঃখে কাতর তুর্কি ফার্স্ট লেডি অনেক অর্থকড়ির সঙ্গে নিজের কিছু অলংকার দিয়ে যান। এর মধ্যে ছিল বিয়ের সময় এরদোয়ানের দেওয়া একটি হার। তখন থেকে সেই অলংকারটির আর খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান প্রায় দুই লাখ রুপি দামের হারটি খুঁজে বের করার জন্য গোয়েন্দাদের নির্দেশ দেন। কাজে নেমে পড়েন গোয়েন্দারা। একপর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী গিলানি স্বীকার করেন, তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের স্ত্রীর সেই মূল্যবান হারটি তাঁর কাছে আছে। গিলানি বলেন, এরদোয়ানের স্ত্রী তাঁর বোনের মতো।
ঘটনার বিস্তারিত তুলে ধরে গিলানি জানিয়েছেন, তিনি ওই সময় সিন্ধু প্রদেশে বন্যাদুর্গতদের একটি শিবির পরিদর্শনে গিয়েছিলেন। সেখানে একটি বিয়ের অনুষ্ঠান ছিল। তিনি হারটি সঙ্গে নিয়ে গিয়েছিলেন এই ভেবে যে নবদম্পতিকে সেটি দিয়ে আসবেন। কিন্তু যাওয়ার পর দেখেন, সেখানে বিয়ে হচ্ছে মোট আটটি জুটির। তখন ভাবলেন, কোনো একটি দম্পতিকে হারটি দিলে তা ভালো দেখাবে না। এ জন্য প্রত্যেক দম্পতিকে দুই লাখ রুপি করে দিয়ে আসেন। সূত্র: ডন।